বৃন্দাবন দাসের রচনা ও সালাহউদ্দিন লাভলুর পরিচালনায় ধারাবাহিক নাটক ‘ও পাখি তোর যন্ত্রণা’ আজ রাত ৮টা ৪০ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হবে। নাটকটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মামুনুর রশিদ, সালাহউদ্দিন লাভলু, তানজিকা আমিন, নাইমা আলম মাহা, শাহনাজ খুশী, বৃন্দাবন দাস, পারভেজ, কে এ আমিনসহ অনেকে।
নাটকটির গল্পে দেখা যাবে, গ্রামের একটি বাড়িতে বাস করে দুই ভাই। বড় ভাইয়ের শ্যালিকা মাঝে মধ্যে বেড়াতে আসে অথবা স্থায়ীভাবেই বড় বোনের বাড়িতে থাকে। তার ডাক নাম পাখি। ইদানিং সুন্দরী পাখিকে নিয়ে এ বাড়িতে এক উটকো ঝামেলার সৃষ্টি হয়েছে। গ্রামের যুবক ছেলেরা পাখির প্রেম প্রত্যাশী হয়ে বাড়ির পাশে ঘুরঘুর করে। ব্যর্থ হয়ে নানাভাবে পাখিকে বিরক্ত করার চেষ্টা করে। একজন একদিন পাখিকে উদ্দেশ্য করে জনপ্রিয় গান গেয়ে ওঠে ‘ও পাখি তোর যন্ত্রণা’ কিংবা ‘পাখিরে তুই’ গানটি। ব্যস! পরবর্তীতে এটি সবার মুখে মুখে ছড়িয়ে পড়ে। বাড়ির পাশ দিয়ে যেতে গিয়ে একবার গানটি গাইতেই হবে। বিষয়টি পাখির বড় বোন সহজভাবে নিতে পারে না। তেড়ে যায় গায়কের উদ্দেশ্যে। বিষয়টি এখন সবার কাছে উপভোগের হয়ে গেছে। বর্তমানে যতটা না পাখির উদ্দেশ্যে গান, তার চেয়ে বেশি বড় বোনকে ক্ষেপানো। এমন নানা মজার ঘটনায় এগিয়ে যাবে নাটকটির কাহিনি।
