পঞ্চগড় প্রতিনিধি ও তেঁতুলিয়া সংবাদদাতা
পাথরশ্রমিকদের জালে ধরা পড়ল ২৮ কেজি ওজনের বাঘাইড় মাছ। রবিবার দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সদরের সীমান্ত নদী মহানন্দায় মাছটি ধরা পড়ে। পরে পাথর ব্যবসায়ী হাসিনুর ২০ হাজার টাকায় মাছটি কিনে নেন। উপজেলার সর্দারপাড়া এলাকার রকি, বিপ্লব, আবু হাসান, আজিজ, সাহাদাতসহ কয়েক জন পাথরশ্রমিক শখের বশে সীমান্ত নদী মহানন্দায় মাছ মারতে যান। এক পর্যায়ে জালে বড় মাছ পড়েছে বুঝতে পেরে সবাই মিলে ডুবে জাল থেকে মাছটি ধরেন। মহানন্দা নদী ভারত থেকে প্রবাহিত হয়ে তেঁতুলিয়ার সীমান্ত দিয়ে আবার ভারতে প্রবেশ করেছে। বাঘাইড় মাছটি ভারত থেকে আসতে পারে বলে ধারণা করছেন এলাকাবাসী। পাথর শ্রমিক রকি জানান, নদী থেকে বড় মাছ ধরার আনন্দটাই অন্যরকম। মাছ বিক্রির টাকা সবাই সমান ভাগে ভাগ করে নিয়েছেন বলেও জানান তিনি। জেলা মত্স্য কর্মকর্তা মো. শাহনেওয়াজ সিরাজী বলেন, শুনেছি মহানন্দা থেকে পাথরশ্রমিকরা ২৮ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরেছে। এর আগেও এ নদীতে ৪৫ কেজি ওজনের একটি বাঘাইড় ধরা পড়ে। এটি দেশি আইড় মাছেরই একটি প্রজাতি।
