ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা
ফুলবাড়িয়া উপজেলার সংরক্ষিত বনাঞ্চল সন্তোষপুর বনের বানর ও রাবার বাগান দেখতে লকডাউন উপেক্ষা করে দর্শনার্থীদের ভিড় বাড়ছে। ঈদের দিন থেকে পার্শ্ববর্তী মধুপুর, ঘাটাইল, ভালুকা, ত্রিশাল, মুক্তাগাছা, ময়মনসিংহ সদরসহ আশপাশের জেলা থেকে মোটরসাইকেল, অটো, সিএনজি করে মানুষ আসছেন। এদিকে ভিড় বেড়ে যাওয়ায় বানরগুলো আশ্রয় নিয়েছে বনের ভেতরে। সরজমিন ঘুরে সন্তোষপুর বনে দেখা গেছে, ঈদ উপলক্ষ্যে ২০/২১টি ভ্রাম্যমাণ দোকান নতুন করে বসানো হয়েছে। অটো, সিএনজি ও মোটরসাইকেলে আসছেন দর্শনার্থীরা। দর্শনার্থীদের চাপে বানরগুলো বনের ভেতর আশ্রয় নিয়েছে। এখানে নেই কোনো স্বাস্থ্যবিধি। বনের দর্শনীয় স্থান ঘুরলে মনে হয় দেশে কোনো লকডাউন নেই। ঘাটাইল উপজেলা থেকে বানর ও রাবার বাগান দেখতে আসা সুমি জানান, আমরা ঢাকায় থাকি। লকডাউনে ঢাকা যেতে না পেরে পরিবার নিয়ে ঘুরতে এসেছি। সন্তোষপুর গ্রামের আসাদ জানান, সকাল থেকে মানুষ আর মানুষ দেখে করোনা নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছি। বনে ভ্রাম্যমাণ দোকানি হানিফা জানান, ঈদের পরে নতুন করে ২০/২১টি দোকান বসানো হয়েছে। সকাল থেকে শুরু হয়ে দোকানগুলো চলে সন্ধ্যা পর্যন্ত। সন্তোষপুর বিট কর্মকর্তা আশরাফুল আলম খান জানান, গত ঈদেও এ রকম ভিড় ছিল। আসলে আমরা বলেও লোকজন থামাতে পারছি না। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল ছিদ্দিকী জানান, লকডাউনে দর্শনীয় স্থানগুলো বন্ধ। সন্তোষপুর বনে লোকসমাগমের বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
