মন্দিরের ধ্বংসস্তূপ থেকে মিলল ষাঁড়ের মূর্তি

আপডেট : ২৫ জুলাই ২০২১, ২১:০৮

নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা

সংস্কারের অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নাগেশ্বরী নেওয়াশী ইউনিয়নের গোঁসাইয়ের ভিটা গ্রামের একটি প্রাচীন মন্দির। গত ৯ জুলাই এই ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার হয় পাথরের তৈরি বৃষ বা ষাঁড় প্রতিকৃতির একটি মূর্তি। যার ওজন প্রায় ২০ কিলোগ্রাম। বজলার রহমান উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ধীরেন্দ্রনাথ সরকারসহ একাধিক গ্রামবাসী জানান, ধ্বংসস্তূপের নিচে আরো মূল্যবান মূর্তি থাকতে পারে। জায়গাটি সংরক্ষণ করা জরুরি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর আহমেদ মাছুম বলেন, মন্দিরের বিষয়টি আমি শুনেছি। ঐতিহাসিক এ স্থানগুলো সংরক্ষণ করা প্রয়োজন। ভালোভাবে জেনে বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানাব।