চাটমোহর (পাবনা) সংবাদদাতা
খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সরকার চাটমোহর পৌর এলাকায় খোলা বাজারে (ওএমএস) চাল ও আটা বিক্রি কার্যক্রম শুরু করেছে। রবিবার সকালে পৌর এলাকার চারটি পয়েন্টে একযোগে ওএমএস কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় উপজেলা খাদ্য কর্মকর্তা মো. শরিফুল ইসলামসহ পৌরসভার কাউন্সিলর ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পৌর এলাকার নতুন বাজার, শাহী মসজিদ মোড়, পুরাতন বাজার ও রব্বান মোড়ে খোলা বাজারে চাল বিক্রি শুরু করেছে খাদ্য অধিদপ্তর। ওএমএস এর দোকান থেকে জনপ্রতি পাঁচ কেজি চাল অথবা আটা যে কেউ কিনতে পারবেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শরিফুল ইসলাম জানান, ওএমএস কর্মসূচির জন্য প্রত্যেক ডিলারকে ১ হাজার ৫০০ কেজি করে চাল ও ১ হাজার কেজি আটা প্রতিদিন বরাদ্দ দেওয়া হয়েছে। ৭ আগস্ট পর্যন্ত এই কার্যক্রম চলবে। চাল প্রতি কেজি ৩০ টাকা এবং আটা ১৮ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে।
