হিলি বন্দরে পণ্য আমদানি-রপ্তানি শুরু

আপডেট : ২৫ জুলাই ২০২১, ২১:১০

হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা

ছয় দিন বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম। রবিবার বেলা ১১টায় ভারত থেকে বিভিন্ন পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়।

বন্দরের বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, ঈদুল আজহা উপলক্ষ্যে গত ১৯-২৪ জুলাই পর্যন্ত এই বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ফলে এ কদিন বন্দর দিয়ে আমদানিকৃত কোনো পণ্যবাহী ট্রাক বাংলাদেশ ও ভারতে আসা-যাওয়া করেনি। রবিবার বেলা ১১টা থেকে যথারীতি বন্দর দিয়ে দ্বিপক্ষীয় বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে।

সোনামসজিদ স্থলবন্দরে

আমদানি-রপ্তানি শুরু

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা জানান, পবিত্র ঈদুল আজহার পাঁচ দিন ছুটি শেষে সোনামসজিদ ও মহদিপুর স্থলবন্দর দিয়ে আবারও আমদানি-রপ্তানি শুরু হয়েছে। রবিবার সকাল থেকে দুই দেশের মধ্যে এই বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। এর আগে গত মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত পাঁচ দিন ঈদের ছুটিতে বন্ধ ছিল বন্দর। সোনামসজিদ কাস্টমসের সহকারী কমিশনার মোমিনুল ইসলাম জানান, ঈদের ছুটিতে বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। ছুটি শেষে রবিবার বেলা ১১টা থেকে আবারও দুই দেশের মধ্যে সব ধরনের পণ্যের আমদানি শুরু হয়। দেশের অর্থনীতি সচল ও পণ্য সরবরাহের ক্ষেত্রে করোনাকালীন আমদানি-রপ্তানি পণ্য ছাড়করণে কাস্টমস যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পণ্য খালাস দিচ্ছে। ঈদের পাঁচ দিন ছুটি থাকায় ভারতের মহদিপুরে অনেক পণ্যভর্তি ট্রাক আটকা পড়ে আছে।