হোমনায় বিপুল ইয়াবাসহ দম্পতি আটক

আপডেট : ২৫ জুলাই ২০২১, ২১:১০

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা

হোমনায় ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ বাউল শিল্পী দম্পতিকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় উপজেলার মাথাভাঙা ইউনিয়নের পঞ্চবটি মাজারসংলগ্ন চার তলা বাড়ির তৃতীয় তলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ভাড়াটিয়া বাউল শিল্পী দম্পতিকে আটক করা হয়। আটককৃতরা হলেন—উপজেলার জয়পুর গ্রামের ইসমাইল মিয়ার ছেলে মো. সুমন মিয়া ও তার স্ত্রী স্মৃতি সরকার। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বলেন, আটক দম্পতির বাসা থেকে ৭ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৩ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। তারা বিভিন্ন জায়গায় বাউল গান পরিবেশন করার পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। রবিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।