নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে দেশীয় অস্ত্রসহ ৪৬ সদস্যকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার রাতে নরসিংদীস্থ নাগরিয়াকান্দী শেখ হাসিনা সেতুসংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা থেকে তাদের আটক করা হয়। মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রইছ আল রেজুয়ানের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী মেঘনা নদীতে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে উচ্চ শব্দে সাউন্ডবক্স বাজিয়ে ঘুরাফেরা ও আমোদফুর্তি করাকালে ৪৬ জনকে আটক করে। পরে নৌকায় তল্লাশি করে প্লাস্টিকের বস্তায় রাখা দেশীয় অস্ত্র চাপাতি, চাইনিজ কুড়াল, রামদা, রড ও নাইনচাক্কু উদ্ধার করে। আটককৃতরা নরসিংদী পৌর এলাকার কাউরিয়া পাড়া, শালিধা, চান্দের পাড়া ও নজরপুর ইউনিয়নের বাসিন্দা বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ ব্যাপারে নরসিংদী সদর মডেল থানার ওসি শওগাতুল আলম জানান, ইঞ্জিনচালিত নৌকা থেকে অস্ত্রসহ আটক ৪৬ জনের মধ্যে অপরাধ প্রমাণিত হওয়ায় সাত জনের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়মিত মামলা দেওয়ার নির্দেশ দিয়েছেন। অন্য সদস্যদের মোবাইল কোর্টের আওতায় জরিমানা করা হয়। পরে মুসলেকা নিয়ে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
