চামড়াশিল্প দেশের অন্যতম সম্ভাবনাময় খাত :শিল্পমন্ত্রী

আপডেট : ২৫ জুলাই ২০২১, ২১:২১

ইত্তেফাক রিপোর্ট

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, চামড়াশিল্প দেশের অন্যতম একটি রপ্তানিমুখী এবং বহুমুখী সম্ভাবনাময় খাত। চামড়াশিল্পের অধিকাংশ কাঁচামাল, কাঁচা চামড়া কোরবানির সময় সংগ্রহ করা হয়ে থাকে। জেলা, বিভাগ ও মন্ত্রণালয়ের সমন্বয়ে মাঠ পর্যায়ে মনিটরিং ও টিমওয়ার্কের কারণে চামড়া সংগ্রহ, পরিবহন ও সংরক্ষণের কারণে চামড়া ব্যবস্থাপনায় এবার সুফল এসেছে। এবছর প্রচার ও সচেতনতামূলক কার্যক্রম ব্যাপকভাবে চালানো হয়েছে, যার ফলে আমরা কোরবানির চামড়া ব্যবস্থাপনার সুফল পেয়েছি।

শিল্প মন্ত্রণালয় ও এর আওতাধীন সংস্থাসমূহের কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে পবিত্র ঈদুল আজহা-পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী গতকাল রবিবার এসব কথা বলেন। শিল্পসচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

শিল্পমন্ত্রী আরো বলেন, করোনা মহামারির মধ্যেও শিল্প মন্ত্রণালয়ের উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করতে হবে। শিল্প খাতের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যসুরক্ষা ব্যবস্থা প্রতিপালন করে সুস্থ ও সচেতন হতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, কোরবানির চামড়া কীভাবে সংরক্ষণ ও স্থানান্তর করতে হবে—এ বিষয়ে শিল্প মন্ত্রণালয় যথাসময়ে সিদ্ধান্ত ও যথাযথ কার্যক্রম গ্রহণের কারণে এ বছর চামড়া নিয়ে আমরা কোনো অভিযোগ পাইনি। এবার চামড়া সংরক্ষণ, স্থানান্তর ও সার্বিক ব্যবস্থাপনায় শিল্প মন্ত্রণালয় সফল হয়েছে এবং ব্যবসায়ীরা চামড়ার সঠিক দাম পেয়েছে বলে মন্তব্য করেন তিনি।