ইত্তেফাক রিপোর্ট
দেশের পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে মার্কিন যুক্তরাষ্ট্রে আজ সোমবার থেকে ‘রোড শো’ অনুষ্ঠিত হবে। যা চলবে ২ আগস্ট পর্যন্ত। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে। ‘দি রাইজ অব বেঙ্গল টাইগার :পটেনশিয়ালস অব ট্রেড এবং ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক এ রোড শো যুক্তরাষ্ট্রের ৪ শহরে অনুষ্ঠিত হবে।
সপ্তাহব্যাপী আয়োজন করা এ রোড শোর উদ্বোধন হবে ২৬ জুলাই সোমবার নিউ ইয়র্কে। এরপর ২৮ জুলাই ওয়াশিংটন ডিসি, ৩০ জুলাই লস এঞ্জেলস এবং ২ আগস্ট সান ফ্রান্সিসকোতে শেষ রোড শো আয়োজিত হবে।
রোড শোতে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন বিএসইসির সাত সদস্যের একটি প্রতিনিধিদল। বিএসইসির প্রতিনিধি দলে রয়েছেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, কমিশনার অধ্যাপক ড. মিজানুর রহমান, নির্বাহী পরিচালক মাহবুবুল আলম ও কামরুল আনম খান, পরিচালক আবুল কালাম, যুগ্ম-পরিচালক ইকবাল হোসেন ও বিএসইসি চেয়ারম্যানের ব্যক্তিগত কর্মকর্তা আসমাউল হুসনা। রোড শোতে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চার সদস্যের একটি প্রতিনিধিদল। এই দলে রয়েছেন ডিএসইর স্বতন্ত্র পরিচালক একে এম মাসুদ ও ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ, শেয়ারহোল্ডার পরিচালক শাকিল রিজভী ও সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মনিরুজ্জামান মিয়া।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পরিচালক ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি হিসেবে এ দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করবেন ছায়েদুর রহমান। এছাড়া সংগঠনটির অন্য প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে। আর ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) সভাপতি মো. শরিফ আনোয়ার হোসেনসহ সংগঠনের অন্য পরিচালকরা রোড শোতে উপস্থিত থাকবেন।
এছাড়া বিএসইসি আয়োজিত রোড শোতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম অংশগ্রহণ করবেন। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক, বিডা, আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানির প্রতিনিধি, দেশি ও বিদেশি বিভিন্ন ব্যবসায়ী চেম্বারের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীরাও রোড শোতে যোগ দেবেন। এ রোড শোটি সরসরি সম্প্রচার হবে।
চলতি বছরের ৯ থেকে ১২ ফেব্রুয়ারি বিশ্বের অন্যতম বাণিজ্যিক নগরী দুবাইতে রোড শো করে বিএসইসি। সেখানেই ডিজিটাল বুথ স্থাপনের মাধ্যমে বিদেশ থেকে সরাসরি শেয়ার কেনাবেচার সুযোগ তৈরি করে দেওয়া হয়।
