হাবিপ্রবিতে বিদেশি শিক্ষার্থীদের ঈদ

আপডেট : ২৫ জুলাই ২০২১, ২১:২৫

করোনা মহামারি আমাদের বিষিয়ে তুলেছে। তবু এক চিলতে আনন্দ ও ত্যাগের মহিমা নিয়ে ফের হাজির হয়েছে ঈদুল আজহা। মহামারিকালীন এই উদ্যাপনে অংশ নিয়েছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীরাও। বন্ধ বিশ্ববিদ্যালয় খুলে দেবে আশায় এবং ঝামেলা এড়াতে দেশে ফেরেননি অনেক শিক্ষার্থী। দেশে আটকে পড়া বিদেশি শিক্ষার্থীদের ঈদ উদ্যাপনের অনুভূতি অনুবাদ করে তুলে ধরেছেন একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী— যোবায়ের ইবনে আলী

দেশের বাইরে এমন ঈদ

স্মরণীয় হয়ে থাকবে

এই মহামারির সময়ে পরিবার থেকে হাজার হাজার কিলোমিটার দূরে ঈদ উদ্যাপন করা কঠিন ছিল কিছুটা। তবে সেটা পুরোপুরি বুঝতে দেয়নি এখানকার বন্ধুরা। আমরা মজা করার চেষ্টা করেছি এবং মসজিদে প্রার্থনা করেছি। অনেক ঘুরেছি এবং প্রচুর ছবি তুলেছি। ফেসবুকে নিজ পরিবারের সঙ্গে কথা বলেছি।  বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাঙালি বন্ধুদের বাড়িতে কোরবানির দাওয়াত পেয়েছি। এটি আমার জীবনের স্মরণীয় ঈদ হয়ে থাকবে। এমন ঈদ উদ্যাপন করার সুযোগ দেওয়ায় মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি।

—আব্দুল্লাহ্ আলী ইবরাহিম

সোমালিয়া 

এখানেও আনন্দের

কমতি ছিল না

আলহামদুলিল্লাহ ঈদ মোবারক। এটি একটি আনন্দের দিন ছিল। বিভিন্ন দেশের বন্ধুরা এবং বাঙালিরা অনেক মজা করেছি। সুস্বাদু খাবার                 খেতে খেতেই দিনটা পার করে দিয়েছিলাম।              নিজেরা নিজেদের ছোটবেলার ঈদের গল্প শেয়ার করেছি। বিভিন্ন দেশের বন্ধুদের ছোটবেলাও              বিভিন্ন। আমার দেশের বন্ধুদের সঙ্গে আমার ঈদ উদ্যাপন শেয়ার করেছি। আনন্দের কোনো                কমতি ছিল না আমাদের। সবশেষে দেশ-বিদেশের সব মুসলিম ভাইবোনদের ঈদের শুভেচ্ছা             জানাচ্ছি।

—লিবান আলি মহামুদ

সোমালিয়া

ক্যাম্পাসে দেশি-বিদেশি বন্ধুদের

সঙ্গে ঈদ উদ্যাপন করেছি

করোনার কারণে বিশ্ববিদ্যালয় বন্ধের এক বছরের বেশি পেরোল। ঈদের আগে-পরে স্বাস্থ্যবিধির বিধিনিষেধের জন্য ক্যাম্পাসের বাইরে ঘোরাঘুরি করা হয়ে ওঠেনি। তবে ক্যাম্পাসে বন্ধুদের সঙ্গে একসঙ্গে ঈদ উদ্যাপন করেছি বেশ। বাংলাদেশের মানুষদের মন অনেক সুন্দর। তারা মিশতে জানে। নামাজের পর বাঙালিসহ সব বিদেশি বন্ধুদের সঙ্গে একসঙ্গে ঘুরেছি। সুন্দর মুহূর্তগুলোকে স্মরণীয় করে রাখতে ছবি তুলেছি। বন্ধুদের কাছ থেকে কোরবানির দাওয়াত পেয়েছি, যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে।

—সফিউল্লাহ্

ভারত

ডায়ারির পাতায় লিখে

নিয়েছি এই ঈদ

ঈদুল আজহা মুসলিমদের জন্য একটি শিক্ষণীয় উত্সব।  কোরবানি শব্দের অর্থ ত্যাগ এবং ত্যাগের মাধ্যমে আমরা অপরকে সাহায্য করার শিক্ষা পাই। এই ত্যাগের শিক্ষা হজরত ইব্রাহিম (আ.) এর শিক্ষা, যা মুসলিমরা পালন করে থাকি। উচ্চশিক্ষার জন্যই হাজার হাজার কিলোমিটার পাড়ি হয়ে হাবিপ্রবিতে এসেছি। পরিবারের বাইরেও আরেকটি পরিবার হয়ে উঠেছে যার নাম হাবিপ্রবি পরিবার। বাঙালিসহ সব বিদেশি বন্ধু একসঙ্গে ঘুরেছি, আনন্দ করেছি। আমার ডায়ারির অনেকগুলো পাতায় লিখে নিয়েছি এই ঈদ। এই ঈদ আমার জীবনের স্মরণীয় ঘটনা হয়ে থাকবে।

—আবু বকর সাইদু

নাইজেরিয়া