বরিশাল শেবাচিমে করোনায় ১৫ জন রোগীর মৃত্যু

আপডেট : ২৫ জুলাই ২০২১, ২১:৫২

বরিশাল অফিস

বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিত্সাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ জন রোগীর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিত্সাধীন ছিলেন ৩০০ শয্যার অনুকূলে রেকর্ডসংখ্যক ৩৩০ জন রোগী। হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, গত বছরের ১৭ মার্চ শেবাচিমে করোনা ওয়ার্ড চালুর পর সর্বাধিকসংখ্যক রোগী চিকিত্সাধীন রয়েছে।

মৃত্যু হওয়া ১৫ জন রোগীর মধ্যে করোনায় আক্রান্ত ছিলেন চার জন। শেবাচিমের করোনা ওয়ার্ড চালুর পর থেকে গতকাল রবিবার সকাল পর্যন্ত চিকিত্সাধীন অবস্থায় ১ হাজার ১ জন রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৭৭ জনের করোনা পজিটিভ ছিল। এদিকে মেডিক্যাল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার আবারও ৬০ ভাগের ওপরে উঠেছে। গত শনিবার রাতে প্রকাশিত রিপোর্টে ১৫৭ জনের নমুনা পরীক্ষায় ৯৬ জনের করোনা পজিটিভ হয়েছে। নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার ৬২ দশমিক ৩৩ শতাংশ । এর আগে শুক্রবার রাতের রিপোর্টে শনাক্তের হার ৫২ শতাংশ, বৃহস্পতিবার ৫২ দশমিক ৬৫ শতাংশ।