কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে আবারও ১ম স্থানে কাউন্সিলর সেন্টু

আপডেট : ২৫ জুলাই ২০২১, ২১:৫২

ইত্তেফাক রিপোর্ট

দ্রুত বর্জ্য অপসারণ করায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৫৪টি ওয়ার্ডের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শফিকুল ইসলাম সেন্টু। সবার আগে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করায় এ নিয়ে পরপর তিন বার প্রথম হলেন তিনি। এ উপলক্ষ্যে সম্প্রতি সংশ্নিষ্ট ওয়ার্ডের পক্ষ থেকে ঐ অঞ্চলে কর্মরত ১২১ পরিচ্ছন্নতাকর্মীকে পুরস্কার হিসেবে ২ হাজার টাকা করে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অঞ্চল-৫-এর জোনাল অফিসার মো. মাসুদ হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মফিজুর রহমান ভুঁইয়া প্রমুখ।

কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টু বলেন, এ কৃতিত্ব ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামসহ ৩১ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নতাকর্মীদের। তিনি জানান, মেয়র আতিকুল ইসলামের নির্দেশনায় ঈদুল আজহার সপ্তাহখানেক আগেই সংশ্নিষ্ট পরিচ্ছন্নতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে কোরবানির বর্জ্য অপসারণে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এছাড়া ঈদের দিন সকাল থেকেই এই ওয়ার্ডের পরিচ্ছন্নতাকর্মীরা বর্জ্য অপসারণে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন বলেই এই অর্জন।