স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াত্ আইভীর মা মমতাজ বেগম ঠান্ডাজনিত রোগে অসুস্থ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। রবিবার বিকাল ৫টায় নগরীর দেওভোগ এলাকায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেছেন বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি তিন কন্যা ও দুই পুত্র সন্তানের জননী। তার পাঁচ সন্তানের মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত্ আইভী সবার বড়। এছাড়া তিনি নারায়ণগঞ্জ পৌরসভার প্রয়াত চেয়ারম্যান আলী আহাম্মদ চুনকার স্ত্রী ছিলেন। তার মৃত্যুর খবর শুনে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরগণসহ নিকট আত্মীয়স্বজন মেয়র আইভী ও পরিবারের অন্যান্য সদস্যদের সমবেদনা জানাতে বাড়িতে ছুটে যান। কেউ কেউ ফোন করেও শোক প্রকাশ করেছেন।
