চট্টগ্রাম অফিস
চট্টগ্রামে ট্রাকচালককে গুলি করে হত্যার ঘটনায় দুই ভাইকে গ্রেফতার করেছে র্যাব। ঢাকার সাভারে দেওগাঁ এলাকা থেকে গত শনিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—সাদ্দাম হোসেন বাচা (৩১) ও মো. তুহিন (১৯)। র্যাব-৭-এর উপ-অধিনায়ক মেজর মো. নাছির উল হাসান খান বলেন, গত ১৬ জুলাই হত্যাকাণ্ডের ঘটনার পর পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। দুই ভাই ডাকাতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিল। বায়েজিক লিংক রোডে তাদের একটি দল আছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে আরো অন্তত সাত জন জড়িত আছে। তাদের গ্রেফতারে র্যাব অভিযান চালাচ্ছে।’ গ্রেফতারকৃত দুই ভাইয়ের বাড়ি রাউজান উপজেলায়। তবে তাদের মধ্যে সাদ্দাম সীতাকুন্ডের ছিন্নমূল এলাকায় ও তুহিন বায়েজিদ থানার আরেফিন নগর এলাকায় থাকেন।
উল্লেখ্য, গত ১৬ জুলাই ভোরে নগরীর বিবিরহাটে কোরবানির গরু নিয়ে যাওয়ার সময় বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোডে ট্রাকটি আটকানো হয়। চালক ট্রাকটি চালিয়ে নেওয়ার চেষ্টা করলে তাকে সামনে থেকে গুলি করা হয়। এতে বুকে গুলিবিদ্ধ হয়ে ট্রাকচালক মারা যান।
