সমতা ফেরাল উইন্ডিজরা

আপডেট : ২৫ জুলাই ২০২১, ২১:৫৫

ফিঞ্চও আসছেন না

বাংলাদেশে

 স্পোর্টস ডেস্ক

স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, ম্যাক্সওয়েলরা আগেই সরে দাঁড়িয়েছিলেন। অ্যারন ফিঞ্চের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ সফরের দল ঘোষণা করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। কিন্তু হাঁটুর চোটের কারণে বাংলাদেশ সফরে আসছেন না ফিঞ্চ। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ না করেই দেশের পথে বিমানে চড়েছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে পাঁচ টি-২০ সিরিজে তাই ফিঞ্চকে পাবে না অস্ট্রেলিয়া।

ডান হাঁটুর চোটেই ছিটকে পড়েছেন অভিজ্ঞ এ ওপেনার। অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে তার। সেক্ষেত্রে অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপও শঙ্কায় পড়ে যেতে পারে। যদিও ফিঞ্চ ও চিকিত্সকরা আশাবাদী বিশ্বকাপের আগেই ফিট হবেন তিনি।

উইন্ডিজ সফরের শুরুতেই হাঁটুর চোটে পড়েন ফিঞ্চ। চোট সামলে খেলেছেন টি-২০ সিরিজে। শেষ টি-২০ ম্যাচে বেড়ে যায় চোটের মাত্রা। ওয়ানডের দুই ম্যাচে খেলতে পারেননি তিনি। সাইড বেঞ্চে দর্শক হয়েছিলেন। তাই তাকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় সিএ। ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিচ্ছেন অ্যালেক্স ক্যারি। ফিঞ্চের অনুপস্থিতিতে টি-২০ দলের সহঅধিনায়ক ম্যাথু ওয়েডই বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করতে পারেন। আগামী ২৯ জুলাই বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া দল।

ফিঞ্চ অবশ্য দেশে ফেরাকেই সঠিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ‘দেশে ফিরতে হচ্ছে বলে আমি ভীষণ হতাশ। তবে দলের সঙ্গে থেকেও মাঠের বাইরে বসে থাকার চেয়ে দেশে ফেরাকেই সবচেয়ে উপযুক্ত বলে মনে হয়েছে সবার। প্রয়োজন হলে অস্ত্রোপচার করাব আমি এবং বিশ্বকাপের আগে সেরে ওঠার প্রক্রিয়া চালিয়ে যাব।’

এদিকে বার্বাডোজে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দুই ম্যাচ শেষে ওয়ানডে সিরিজে এখন ১-১ এ সমতা বিরাজ করছে। আগামীকাল সিরিজের শেষ ম্যাচটি তাই ফাইনালে রূপ নিয়েছে। আগে ব্যাট করে ৪৭.১ ওভারে ১৮৭ রানে অলআউট হয়েছিল অস্ট্রেলিয়া। জবাবে ৩৮ ওভারে ৬ উইকেটে ১৯১ রান তুলে ম্যাচ জিতে নেয় উইন্ডিজরা। অপরাজিত ৫৯ রান করে নিকোলাস পুরান ম্যাচ সেরা হন।