মতিঝিলে ওয়ার্কশপে হঠাত্ আগুনে পুড়ল বাস, প্রাইভেট কার

আপডেট : ২৫ জুলাই ২০২১, ২১:৫৭

ইত্তেফাক রিপোর্ট

লকডাউনের মধ্যে রাজধানীর মতিঝিলে গাড়ি মেরামতের ওয়ার্কশপ ও গ্যারেজে আগুন লেগে অন্তত দুটি বাস ও একটি প্রাইভেট কার পুড়ে গেছে। গতকাল রবিবার বেলা ১১টার দিকে মধুমিতা সিনেমা হলের পেছনে এই অগ্নিকাণ্ডে ছয়টি ছোট ছোট ওয়ার্কশপ এবং একটি বাসের গ্যারেজ পুড়ে যায়। তার আগে শনিবার রাতে কমলাপুর বিআরটিসি কাউন্টারের সামনে পুড়েছে আরো দুটি বাস।

সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ফয়সল উর রহমান জানান, সকালে মধুমিতা সিনেমা হলের পেছনে আগুন লাগার খবর পেয়ে তাদের কর্মীরা সেখানে যান। সেখানে গিয়ে দেখা যায়, ছোট ছোট ছয়টি ওয়ার্কশপে লাগা আগুন পাশে সিল্ক লাইনের বাসের গ্যারেজেও ছড়িয়ে পড়েছে। আধা ঘণ্টার চেষ্টায় বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে সোহেল মোটরস, রহিমা মোটরস, আরিফ মোটরস, গাজী মোটরস, চিটাগাং মোটরস এবং নিউ জননী মোটরস নামের ছয়টি ওয়ার্কশপ পুড়ে যায়।

এসব ওয়ার্কশপে থাকা বেশির ভাগ গাড়ি বের করে আনা গেলেও একটি প্রাইভেট কার পুড়ে যায় বলে জানান ফয়সল। তিনি বলেন, ওয়ার্কশপের আগুন পাশের সিল্ক লাইন পরিবহনের বাসের গ্যারেজে ছড়িয়ে পড়ায় সেখানে দুটি বাস বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কীভাবে সেখানে আগুন লাগল সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা।

এদিকে শনিবার রাত ৮টার দিকে কমলাপুরে বিআরটিসি কাউন্টারের সামনে দাঁড় করিয়ে রাখা দুটি বাসে আগুন লাগে। এর মধ্যে বিআরটিসির একটি বাস পুরোপুরি পুড়ে গেছে, অন্যটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান ফয়সল উর রহমান। তিনি বলেন, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত না করে বলা যাবে না।