বিধিনিষেধ উপেক্ষা করে ফতুল্লায় পোশাক কারখানা চালুর সংবাদে তোলপাড়

আপডেট : ২৫ জুলাই ২০২১, ২১:৫৮

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

কঠোর লকডাউনের নিয়ম অমান্য করে নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি রপ্তানিমুখী পোশাক কারখানার টেক্সটাইল ও ডাইং বিভাগ খোলা রাখার সংবাদে নারায়ণগঞ্জে ব্যাপক তোলপাড় হয়েছে। দৈনিক ইত্তেফাকের তৃতীয় পাতায় নিষেধাজ্ঞা অমান্য, ফতুল্লায় পোশাক কারখানা চালু! শিরোনামে সংবাদ নিয়ে এ তোলপাড় শুরু হয়। নড়েচড়ে বসে নারায়ণগঞ্জ প্রশাসন। সংবাদটি দৈনিক ইত্তেফাকের অনলাইনে প্রকাশের পরই বিকালে জেলা প্রশাসন ফতুল্লার শাসনগাঁও এলাকায় বিসিক শিল্পনগরীর ফকির অ্যাপারেলসে অভিযান চালিয়ে কারখানাটি বন্ধ করে দেন। এছাড়া অন্য কারখানায়ও অভিযান চালায়। সরকারের বিধিনিষেধ অমান্য করে ফকির অ্যাপারেলস কর্তৃপক্ষ শ্রমিকদের চাকরি হারানোর ভয় দেখিয়ে কাজে যোগ দিতে বলে—এমন অভিযোগ শ্রমিকদের। এ সংবাদের পর লকডাউনে গার্মেন্টস বন্ধ রাখতে মালিকদের চিঠি দেয় বিকেএমইএ। ১৪ দিনের কঠোর লকডাউনে বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়ে গার্মেন্টস মালিকদের চিঠি দিয়েছেন বিকেএমইএ সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। গত শনিবার তিনি ঐ চিঠি দেন। গতকাল রবিবার চিঠির বিষয়টি নিশ্চিত করে সাংসদ সেলিম ওসমান বলেন, যেহেতু আমরা মহামারি সময় অতিক্রম করছি। এমতাবস্থায় সরকারি নির্দেশনা মানা ছাড়া এটি মোকাবিলা করার কোনো উপায় নেই। সবাইকে আহ্বান জানাব সরকারি নির্দেশনা মেনে চলার জন্য।

 এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, ফতুল্লায় সরকারের বিধিনিষেধ অমান্য করে পোশাক কারখানা চালু রাখার সংবাদ পেয়ে আমরা বিকালেই অভিযান পরিচালনা করি। সঙ্গে সঙ্গে কারখানা বন্ধ করে দেই এবং অন্যান্য কারখানায় অভিযান চালাই। আমরা সব পোশাক কারখানায় নজরদারি জোরদার করেছি। নারায়ণগঞ্জ প্রশাসন সরকারের নির্দেশনা বাস্তবায়নে বদ্ধপরিকর।