আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্যপদ থেকে হেলেনা জাহাঙ্গীরকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল রবিবার আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও মহিলা বিষয়ক উপকমিটির সদস্য সচিব মেহের আফরোজ চুমকি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হেলেনা জাহাঙ্গীর আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্য ছিলেন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তার সাম্প্রতিক কর্মকাণ্ড সংগঠনের নীতিবহির্ভূত হওয়ায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্যপদ হতে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
জয়যাত্রা টেলিভিশনের প্রতিষ্ঠাতা ও সিইও হেলেনা জাহাঙ্গীর আওয়ামী লীগের মহিলাবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য হয়েছিলেন গত ১৭ জানুয়ারি। তার আগে ২০২০ সালের ডিসেম্বরের দিকে তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হন। আবদুল মতিন খসরু মারা গেলে ঐ আসনে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করেছিলেন। তবে মনোনয়ন পাননি। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মো. রুহুল আমিন বলেন, তারাও উপদেষ্টা পরিষদের পদ থেকে হেলেনা জাহাঙ্গীরকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি ফেসবুকে নেতা বানানোর ঘোষণা দিয়ে ছবি পোস্ট করে আলোচনা-সমালোচনার জন্ম দেন হেলেনা জাহাঙ্গীর। বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ নামের একটি সংগঠনের ব্যানারে সংগঠনটির জেলা, উপজেলা ও বিদেশি শাখায় সভাপতি ও সাধারণ সম্পাদক নিয়োগ দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়, যা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। কথিত এই সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হিসেবে হেলেনা জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক হিসেবে মাহবুব মনিরের নাম উল্লেখ করা হয়।
গতকাল হেলেনা জাহাঙ্গীর ইত্তেফাককে বলেন, ‘আমার আওয়ামী চাকরিজীবী লীগের সঙ্গে কোনো সম্পৃক্ততা ছিল না, এখনো নেই। আমি কোথাও কী লিখেছি আমি আওয়ামী চাকরিজীবী লীগের সঙ্গে সম্পৃক্ত? আমাকে প্রস্তাব দিয়েছে সভাপতি হতে আমি বলেছি প্রধানমন্ত্রী অনুমোদন দিলে আমি সভাপতি হবো। এর বেশি কিছু আমার জানা নেই। আর আমার জীবনে আমি কখনো কোনো নিয়ম ভঙ্গ করি নাই, করার প্রশ্নই আসে না। একটা কুচক্রী মহল মিথ্যা ও বানোয়াট নাটক দিয়ে নোংরামি করার অপচেষ্টা চালাচ্ছে মাত্র।’ এদিকে গতকাল হেলেনা জাহাঙ্গীর তার নিজের ফেসবুক পাতায় লিখেছেন, ‘আমি দলকে ভালোবাসি, আমি দলের সকল সিদ্ধান্তকে সম্মান জানাই, আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে নেত্রী আমাকে সাজা দিবেন এবং পরক্ষণে আগলে নিবেন আশা করি। আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নই। তবে আমি এটা বিশ্বাস করি, আমার সকল কার্যক্রম ছিল দলকে শক্তিশালী করার লক্ষ্যে, কিন্তু কিছু কুচক্রী মহল আমার এই কার্যক্রমে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তবে মনে রাখবেন সূর্য অস্ত গিয়েছে, সঠিক সময়ে সূর্যের উদয় হবে ইনশাআল্লাহ।’
