মমতা ব্যানার্জি দিল্লি যাচ্ছেন আজ

আপডেট : ২৫ জুলাই ২০২১, ২২:৩৮

স্পাইওয়্যার পেগেসাস ইস্যুতে সরগরম ভারতের সংসদের বর্ষাকালীন অধিবেশন। এই আবহে আজ সোমবার দিল্লি যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দিল্লিতে অবস্থানকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করতে পারেন তিনি। তবে এই সফরে বিজেপিবিরোধী ফ্রন্টকে পুনর্জীবিত করার প্রচেষ্টাও থাকবে তার। ভারতের টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, এ লক্ষ্যে দিল্লির বঙ্গভবনে বিরোধীদলের শীর্ষ নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের পরিকল্পনা রয়েছে মমতা ব্যানার্জির। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, প্রায় দুই বছর পর পাঁচ দিনের সফরে সোমবার দিল্লি যাচ্ছেন মমতা। সেখানে তার একাধিক রাজনৈতিক ও প্রশাসনিক কর্মসূচি রয়েছে। দিল্লি সফরে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে পারেন মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জি দিল্লি গেলেই সংসদ ভবনে যান তিনি। দেখা করেন পুরোনো স্বতীর্থদের সঙ্গে। সর্বশেষ বিধানসভা ভোটে বিপুল সাফল্যের পর মমতার এবারের দিল্লি সফর নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।

দিল্লিতে বিজেপিবিরোধী দলের শীর্ষ নেতা-নেত্রীদের সঙ্গে মমতার একান্ত বৈঠক হতে পারে। সেখানে বিরোধী জোটকে ঐক্যবদ্ধ করার প্রয়াস থাকবে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। এই জল্পনা বেড়েছে কারণ, সম্প্রতি দুইবার এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করেন তৃণমূলের জয়ের অন্যতম ভোটকুশলী প্রশান্ত কিশোর। কিছুদিন আগেই দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক হয় প্রশান্ত কিশোরের। রাহুল-প্রিয়াঙ্কার পাশাপাশি ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে যোগ দেন সোনিয়া গান্ধীও। সম্প্রতি, দিল্লি-উত্তর প্রদেশ সীমানাবর্তী সিঙ্ঘুতে অবস্থানরত কৃষকদের নেতা রাকেশ টিকায়েত নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। মমতা ব্যানার্জিকে সিঙ্ঘুতে যাওয়ার জন্য আমন্ত্রণ করেন। দিল্লি সফরে গিয়ে সিঙ্ঘুতেও যেতে পারেন তিনি।

তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতাদের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ২৮ জুলাই দুপুরের দিকে নরেন্দ্র মোদির সঙ্গে মমতার বৈঠক হতে পারে। এরপরই বিরোধীদলীয় নেতাদের সঙ্গে তিনি বৈঠক করতে পারেন। সূত্র বলছে, বিরোধী ফ্রন্টকে আবারও পুনর্জীবিত করতে কাজ করছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এবং ভোট কৌশলী প্রশান্ত কিশোর। গত ২১ জুলাই বিরোধী নেতারা ভার্চুয়াল মিটিং করেন। এরপরই অভিষেক এবং প্রশান্ত কিশোর দিল্লি যান।

মমতা জানিয়েছেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে আগামী শীতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একটি বড় জনসমাবেশের আয়োজন করবেন। সেখানে উপস্থিত থাকার জন্য কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও শারদ পাওয়ারের মতো নেতাদের আমন্ত্রণ জানাবেন।

এদিকে মমতার দিল্লি সফরের আগে পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ এই সফরকে ‘পলিটিক্যাল ট্যুরিজম’ বলে কটাক্ষ করেছেন।