উজিরপুরে হাতুড়ে ডাক্তারের চিকিত্সায় ব্যবসায়ীর মৃত্যু

আপডেট : ২৫ জুলাই ২০২১, ২২:৪১

বরিশালের উজিরপুরে হাতুড়ে ডাক্তারের অপচিকিত্সায় নিখিল সরকার নামে ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, উপজেলার জল্লা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পীড়েরপাড় গ্রামের মৃত নিত্যানন্দ সরকারের ছেলে নিখিল সরকার কয়েকদিন ধরে জ্বর ও এলার্জিজনিত রোগে ভুগছিল। গত শনিবার বিকাল সাড়ে ৫টায় তার চিকিত্সায় পল্লি চিকিত্সক বাসুদেব মহুরিকে খবর দিয়ে বাড়িতে আনা হয়। এরপর ঐ চিকিত্সক নিখিলকে চারটি ইনজেকশন পুশ করে। তাত্ক্ষণিকভাবে তার মৃত্যু হয়। বিষয়টি স্থানীয়রা পুলিশকে জানালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। নিখিলের মা পুতুল রানী সরকার জানান, তার ছেলেকে ইনজেকশন দিতে বারবার নিষেধ করার পরেও বাসুদেব মহুরি আমার ছেলেকে এক সঙ্গে চারটি ইনজেকশন দেয়। এ কারণেই আমার ছেলে মারা যায়।

অভিযুক্ত বাসুদেব মহুরি জানান, আমি খবর পেয়ে তাত্ক্ষণিকভাবে ঘটনাস্থল গিয়ে নিখিলের জ্বর, এলার্জি ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগ থাকায় কটসন, ইমিস্টাট, ইজরোলসহ চারটি ইনজেকশন পুশ করি। আমি কোনো ভুল চিকিত্সা করিনি। ডাক্তারের সনদ আছে কি না, প্রশ্ন করলে বাসুদেব মহুরি বলেন, আমি দীর্ঘদিন ধরে এলাকায় চিকিত্সা দিয়ে আসছি। আমার কাছে প্রতিদিন বহু রোগী আসে। সবাই উপকৃত হয় তাই আমি এই পেশায় থেকে মানুষকে সেবা দিচ্ছি।