সরকারঘোষিত লকডাউনের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের উদাসীনতা, ব্যর্থতা ও ভ্রান্ত নীতির কারণে দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। টিকা, চিকিত্সা না পেয়ে মানুষ অকাতরে মৃত্যুবরণ করছে। সরকারের অপরিকল্পিত লকডাউনে নিম্ন আয়ের মানুষের জীবন বিপন্ন হচ্ছে। খাদ্য ও অর্থ কষ্টে মানুষ অর্ধাহার-অনাহারে দিন যাপন করছে। নিদারুণ কষ্টে মানুষ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে।
গতকাল রবিবার এক সংবাদ বিবৃতিতে তিনি একথা বলেন। ফখরুল বলেন, এমন ভয়াবহ পরিস্থিতি থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে অনৈতিক সরকার বিরামহীন গতিতে বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক কাহিনি তৈরি করে মামলা দায়ের এবং গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করছে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জামাল হোসাইন তালুকদারকে গ্রেফতারের ঘটনা নেতাকর্মীদের ওপর বর্তমান অবৈধ সরকারের চলমান নির্যাতনেরই ধারাবাহিকতা। বিএনপি মহাসচিব অবিলম্বে জামাল হোসাইন তালুকদারের বিরুদ্ধে দায়েরকৃত অসত্য মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।
