ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট এবং ব্রুনাইয়ের সুলতানের জন্য আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী

আপডেট : ২৬ জুলাই ২০২১, ০০:৪০

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট এবং ব্রুনাইয়ের সুলতানের জন্য আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছা হিসেবে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোকে ১ হাজার কেজি আম পাঠিয়েছেন। জাকার্তাস্থ বাংলাদেশ দূতাবাস দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে এই আম ইন্দোনেশিয়ার প্রেসিডেন্সিয়াল প্যালেসে গত ২১ জুলাই হস্তান্তর করে।

অন্যদিকে ব্রুনাই দারুসসালামের সুলতান হাজি হাসসান আল-বলকিয়াহ মু’ইযযুদ্দিন ওয়াদ দৌলাহ ইবন সুলতান ওমর আলি সাইফুদ্দিন সা’দুল খাইরি ওয়াদ্দিনের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ১ হাজার কেজি হাঁড়িভাঙা আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপহারের এই আমগুলো গত শনিবার ব্রুনাইয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ হাইকমিশন। আমগুলো সরাসরি ব্রুনাইয়ের সুলতানের প্রাসাদ ইস্তানা নুরুল ইমানে নিয়ে যাওয়া হয়।

এর আগে ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, ভুটানের রাজা জিগমে খেসার নামগায়েল ওয়াংচুক ও প্রধানমন্ত্রী লোটে শেরিংকে উপহার হিসেবে আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুভেচ্ছা উপহারের আম পেয়ে কৃতজ্ঞতা জানিয়ে এক চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, মৌসুমি ফল উপহার পেয়ে তিনি ‘অভিভূত’। পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এ শুভেচ্ছা উপহার পাঠানোর জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এছাড়াও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা ও মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সংমাকেও উপহার হিসেবে এই আম পাঠান প্রধানমন্ত্রী। জানা গেছে, মধ্যপ্রাচ্যের ভ্রাতৃপ্রতিম কিছু দেশেও শিগিগরই উপহার হিসেবে পাঠানো হবে বিখ্যাত হাঁড়িভাঙা আম।