জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় দেশ জুড়ে চলছে লকডাউন। কর্মহীনদের পরিবারে মারাত্মক বিপর্যয় সৃষ্টি হয়েছে। নিরপেক্ষ দৃষ্টিতে তালিকা করে সরকারি ব্যবস্থাপনায় দরিদ্র পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গতকাল রবিবার এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
জি এম কাদের বলেন, করোনার দ্বিতীয় ধাক্কায় দারিদ্র্য হার আরো বৃদ্ধির আশঙ্কা আছে। দারিদ্র্য হার বৃদ্ধির প্রধান কারণ মানুষের কর্মহীনতা ও আয় কমে যাওয়া। লকডাউনের কারণে এসব পরিবারের সদস্যরা কাজে বের হতে পারছেন না। দিন এনে দিন খাওয়া মানুষের পরিবারে মজুত থাকে না খাবার। আবার দরিদ্র পরিবারের অনেকের প্রয়োজন জীবন রক্ষাকারী ওষুধ। শিশুখাদ্য প্রয়োজন অনেক পরিবারের। এমন অবস্থায় কর্মহীনদের পরিবারে চলছে হাহাকার। এ প্রেক্ষিতে যথাযথ তালিকা করে দরিদ্রদের মধ্যে সামাজিক সুরক্ষা কর্মসূচি জোরদারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
জাপা চেয়ারম্যান বিবৃতিতে আরো বলেন, পিপিআরসি ও ব্র্যাকের সাম্প্রতিক গবেষণা জরিপ বলছে, করোনায় এক বছরে দেশের প্রায় ১৫ শতাংশ মানুষের জীবনমান নতুন করে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে। সংখ্যায় তা প্রায় ২ কোটি ৪৫ লাখ। আর আগে থেকে দরিদ্রসীমার নিচে বসবাস করছেন আরো কয়েক কোটি মানুষ। বিভিন্ন গবেষণা সংস্থার তথ্য অনুযায়ী সে সংখ্যাও সাড়ে ৩ কোটির কম নয়।
