রাজশাহী বিভাগে রবিবার (২৫ জুলাই) সকাল থেকে সোমবার (২৬ জুলাই) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে নতুন করে ১৭ জনের মৃত্যু হয়েছে। আগের ২৪ ঘণ্টায় এই বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছিল ১৮ জন।
সোমবার (২৬ জুলাই) দুপুরে রাজশাহী বিভাগীয় সহকারী স্বাস্থ্য পরিচালক নাজমা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবারের মৃত্যু নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ২৫০। এছাড়া গত ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৯০৮ জন। আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৬ জন।

বিভাগীয় সহকারী স্বাস্থ্য পরিচালক জানান, বিভাগে ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় নমুনা পরীক্ষার এবং শনাক্তের সংখ্যা কমেছে। তবে শনাক্তের হার বেড়েছে। রবিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগে ৪ হাজার ৩৭২টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ৯০৮ জন। শনাক্তের হার শতকরা ২০.৭৭ ভাগ। আগের ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭৪২ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ১ হাজার ৬ জনের। শনাক্তের হার ছিল শতকরা ১৭ দশমিক ৫২ ভাগ। নতুন ৯০৮ জন করোনা রোগী নিয়ে বিভাগে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৭৯ হাজার ২০৩ জন। জেলা ওয়ারী এ সংখ্যা হচ্ছে, রাজশাহীতে ২৩ হাজার ৩৩, চাঁপাইনবাবগঞ্জে ৪ হাজার ৮৩১, নওগাঁয় ৫ হাজার ৭৯৫, নাটোরে ৬ হাজার ৩৫২, জয়পুরহাটে ৪ হাজার ১০৮, বগুড়ায় ১৮ হাজার ২৬৫, সিরাজগঞ্জে ৭ হাজার ৫৪৩ এবং পাবনায় ৯ হাজার ২৭৭ জন।

এদিকে ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীদের মধ্যে সেচছ করোনা শনাক্ত হয়েছে রাজশাহীতে ২৬৭ জনের। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ৭, নওগাঁয় ২১, নাটোরে ১৪১, জয়পুরহাটে ১২, বগুড়ায় ১৭০, সিরাজগঞ্জে ৮৮ ও পাবনায় ২০২ জনের নতুন করোনা শনাক্ত হয়েছে। অন্যদিকে রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৭ জনের মধ্যে রাজশাহীতে ৭, চাঁপাইনবাবগঞ্জে ৩, নওগাঁয় ১, নাটোরে ৩, বগুড়ায় ১ ও সিরাজগঞ্জে ২ জন। আগের ২৪ ঘণ্টায় বিভাগে ১৮ জনের মৃত্যু হয়েছিল। মৃতদের মধ্যে বগুড়ায় ৫, রাজশাহীতে ৪, সিরাজগঞ্জের ৩, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের ২ জন করে এবং নওগাঁ ও পাবনার ১ জন করে ছিলেন।
বিভাগের আট জেলায় এ পর্যন্ত মোট মৃত্যুর মধ্যে সর্বোচ্চ ৫২৭ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে রাজশাহী জেলায় ২৩০ জনের। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১৩৬ জন, নওগাঁয় ১১৬, নাটোরে ১০৬, জয়পুরহাটে ৪৮, সিরাজগঞ্জে ৫৪ ও পাবনায় ৩৩ জনের মৃত্যু হয়েছে।

গত বছরের ১০ মার্চ থেকে করোনা শনাক্ত হলেও একই বছরের ২৬ এপ্রিল রাজশাহী বিভাগে প্রথম করোনা রোগী মারা যান। করোনায় এ পর্যন্ত মোট মৃত্যুর মধ্যে গত বছর বিভাগে মারা যান ৩৬৬ জন। আর এ বছর এখন পর্যন্ত মারা গেছেন ৮৮৪ জন। এর মধ্যে গত জুন মাসে মারা গেছেন ৩২৬ জন। আর জুলাই মাসে এ পর্যন্ত মারা গেছেন ৩৭৭ জন। রাজশাহী বিভাগে গত তিন মাসের মধ্যে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ করোনা রোগী সুস্থ হয়েছেন। সরকারি তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৮৩ জন। আগের দিন সুস্থ হয়েছিলেন ১ হাজার ১৫৭ জন। নতুন ৮৮৩ জন নিয়ে বিভাগে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫৫ হাজার ১৫৫ জন।
বর্তমানে বিভাগের ৮ জেলায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১ হাজার ৬৯ জন। এর মধ্যে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৭ জন। বিভাগে হাসপাতালের বাইরে বাড়িতে আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন আরও ১২ হাজার ৬৭৫ জন।
ইত্তেফাক/এমএএম
