তানভীর তারেক
আমাদের নাট্য নির্মাতা, প্রকাশক, চ্যানেল- সবাইকেই এখন ভিউ তাড়িত করে। আর এই তাড়নায় নির্মাতা শিল্পীদের নীতি স্খলনের ঘটনায় প্রায়ই দেখা যায়। অথচ সেদিক দিয়ে অনন্য উদাহরণ একজন হানিফ সংকেত।
হোক সেটা নাটক, ‘ইত্যাদি’ বা অন্য কোনো অনুষ্ঠান। সবসময়েই থাকে বিনোদনের পাশাপাশি শিক্ষামূলক বার্তা। একই সাথে দর্শকনন্দিত হয়ে এটাই প্রমাণ করেন তিনি বারবার, যে মেধা থাকলে তার সঠিক প্রয়োগে দর্শককে মেসেজের সাথে নির্মল বিনোদনও দেয়া সম্ভব। এবারের ঈদ-উল-আজহার দিন এটিএন বাংলায় প্রচারিত নাটক ‘যুগের হুজুগে’-তেও দেখা গেল হানিফ সংকেতের সেই চিরচেনা মুন্সিয়ানা। অস্থির নাটকের জোয়ারে হানিফ সংকেতের নাটকটি ছিলো স্বস্তির।
শহুরে এক যৌথ পরিবারের এক গল্প। বাড়ির বউ চরিত্রে অভিনয় করা সারিকা সারাক্ষণই মোবাইল ফোন নিয়ে ব্যস্ত। না, শুধু ফোনে কথা বলা নিয়ে নয়; সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘লাইভ’ নিয়ে। এ-নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় সময়ই ঝগড়া লেগে থাকে। তাদের একমাত্র সন্তান, বয়স আট-নয় বছর, তার মাঝেও পড়তে থাকে এর প্রভাব। এভাবে চলতে থাকার এক পর্যায়ে শ্বশুর-শাশুড়ি তাদের পুত্রবধূকে বোঝাতে শুরু করেন। মোবাইল ফোনে অর্থাত্ সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকার নেতিবাচক ফলাফল একসময় বুঝতে পারে সারিকা।
শ্বশুর চরিত্রে থাকা আবুল হায়াতের উক্তি এ-যুগের হুজুগে মেতে ওঠা মানুষদের জন্য সেরা বার্তা—‘তোমরা এখন বাটন টিপে জীবনযাত্রা সহজ করেছো। কিন্তু তার সাথে কেড়ে নিয়েছে মানুষের ভালোবাসা, আবেগ, অনুভূতি, আত্মীয়তা, মানবতা, সম্মানবোধ-সবকিছু। যুগের সাথে তাল মিলিয়ে চলবে, তাতে কোনো অসুবিধা নেই। লক্ষ রাখতে হবে, তাতে যেন আমাদের মানবিক সত্তার মৃত্যু না ঘটে। যুগের হুজুগে কখনোই চলবে না। যেটা ভালো সেটা গ্রহণ করবে। খারাপটাকে বর্জন করবে।’
আমাদের দেশের বর্তমানে ফ্রি ইউটিউব কন্টেন্টের যুগে নানান রকম নাটক নামের একই পারফর্মার আর অশ্লীলতা কিংবা বিতর্কিত কন্টেন্ট যখন সমালোচনায় মুখর। তখন হানিফ
সংকেতের এই নাটক যেন অনন্য এক উদাহরণ। এবারের ঈদে বেশ কিছু বিতর্কিত গল্পের নাটক নিয়ে যখন তুলকালাম নিন্দার ঝড়। সমাজকে, পরিবারকে ক্রমাগত কটাক্ষ করার চেষ্টা থাকে নির্মাতাদের মুর্খতায় বা ভিউ পাবার লোভে। তখন হানিফ সংকেতের নাটক সবত্রই এক স্বস্তির নাম। আর সে-কারণেই বলা যায়-কাহিনি, সংলাপ—সবকিছু মিলিয়ে অনবদ্য এক সৃষ্টি হানিফ সংকেতের নাটক ‘যুগের হুজুগে’। সবচেয়ে বড় কথা ঈদে অভিভাবকহীন মা-বাবা বর্জিত নাটকের ভীড়ে হানিফ সংকেতের যুগের হুজুগে ছিলো ব্যতিক্রম এবং শিক্ষণীয়।
