এই স্পর্ধা ওরা কোত্থেকে পায় :সুবর্ণা মুস্তাফা

আপডেট : ২৬ জুলাই ২০২১, ১৯:৪৮

 

বাংলাদেশের  বরেণ্য অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা সমালোচিত নাটক ‘ঘটনা সত্য’-কে নিয়ে নিজের ক্ষোভ জানিয়েছেন। মূলত একাধিক শিল্পী কলাকুশলীদের মনের কথা-ই তুলে ধরেছেন তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে। তিনি তার বক্তব্যে বলেন, ‘আমার মাথায় প্রথমেই যে প্রশ্ন আসে, তা হলো ঘটনা সত্য নাটকটির মতো এমন একটি নাটক বানাবার স্পর্ধা মানুষ পায় কী করে? অটিস্টিক একটি শিশু এবং তার বাবা-মায়েরা কী ধরণের সমস্যার মধ্য দিয়ে যান, এটা এই নাটকের সাথে সম্পৃক্তরা জানেন না, তা আমি বিশ্বাস করি না। বিশেষ করে এই নাটকের অভিনেতা-অভিনেত্রীদের কথা বলছি। এবার স্পর্ধার কথায় ফিরে যাই। টিভি চ্যানেল, এজেন্সি, প্রযোজক, নির্মাতা—এদের সবার কাছেই আমার প্রশ্ন। এমন একটি নাটক বানাবার স্পর্ধা তারা পান কী করে? অবশ্যই এটা আসে ‘তারকা অভিনেতা’দের কাছ থেকে। যে কোনো কিছু করেই যে তারা পার পেয়ে যায়, এটা আমাদের চোখের সামনে দেখা। সেটে দেরি করে আসে, বারবার একই শটের পুনরাবৃত্তি, স্ক্রিপ্ট পুনর্লিখন, সহশিল্পীদের নিজেরাই বাছাই, অবিশ্বাস্য মূল্যের সম্মানী হাঁকা—এসব কিছু করবার সাহস তারা পায় ইউটউবে বেশ বড় সংখ্যার একটি দর্শকদের ভিউ দেখে। যদিও পাঁচ মিনিটও কেউ দেখলে সেটি ভিউ হিসেবেই গণ্য হয়। মান অনেক আগেই নিচে নেমে গিয়েছে। পার পেয়ে যাওয়া তাদের জীবনের নিত্যসঙ্গী হয়ে গিয়েছে। তবে এবার সীমা অতিক্রান্ত হয়ে গিয়েছে। বোধটা এসেছে মানুষের সমালোচনা শুনবার পরে। এরপর শুরু হলো ফোনকল, মাফ চাইবার বহর। প্রশ্ন করতে পারেন, কেন তারা এটি করলো? সারাবিশ্বে বিশেষ শিশুদের নিয়ে কেমন সোচ্চার আন্দোলন হচ্ছে, তা নিয়ে কি তারা ওয়াকিবহাল নন? হয়ত তারা জানেন সবই, কিন্তু কিছুই পরোয়া করেন না। তাদের এই হাস্যকর নাটকে যদি লক্ষ লক্ষ মানুষের মনটা ভেঙে যায়, তাতে বরং তাদের পকেটেই লক্ষাধিক টাকা আসবে। আমি ব্যক্তিগতভাবে এসব বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুদের কাছে করজোড়ে ক্ষমাপ্রার্থনা করি। দয়া করে আমাদের ক্ষমা করে দিও তোমরা। এর চেয়ে বেশি কিছু করতে পারলাম না।