সমকালীন : রাস্তার ধারে ফলের গাছ

আপডেট : ২৬ জুলাই ২০২১, ২০:৫৮

 

ছোটবেলায় দেখতাম, প্রশাসনের পক্ষ থেকে বর্ষাকালে বিভিন্ন রাস্তার ধারে আগাছা পরিষ্কারের কাজ চলত। রাস্তার ধারে অনেক ফাঁকা জায়গায় নানান ধরনের গাছ লাগানো হতো প্রশাসনের উদ্যোগেই। আর আজকাল?

বর্ষা আসে বর্ষা চলে যায়। আগাছা পরিষ্কার তো দূরের কথা, রাস্তার পাশে গাছ লাগানোর কোনো উদ্যোগ বা কর্মসূচি চোখে পড়ে না। তাছাড়া গাছপালা নির্বিচারে উজাড় কিংবা জলাশয় ভরাট করে আবাসন নির্মিত হচ্ছে প্রশাসনের নাকের ডগায়! এমনি ধারা চলবে কি চিরকাল? প্রশাসন কি নীরবতা পালন করেই যাবে?

প্রতিটি বিভাগীয় শহর, জেলা শহর এবং উপজেলায় বড় রাস্তার ধারে ফাঁকা জায়গায় বা অন্যান্য গাছের সঙ্গে আম, জাম, কাঁঠাল, পেয়ারা, চালতা বিভিন্ন ফলের গাছ লাগানো হলে ভবিষ্যতে পশুপাখিসহ সবার অনেক উপকার হবে। পশুপাখিরা আজ সত্যি সংকটে। লোকালয়ে তাদের পরিসর সংকুচিত। চাষিরা নিরুপায় হয়ে তাদের ফসল রক্ষার জন্য ওদের ঠেকাতে নানা উপায় অবলম্বন করে। প্রতিটি এলাকায় রাস্তার ধারে ফলের গাছ থাকলে পশুপাখিরা কিছুটা প্রাণ ধারণের সুযোগ পাবে। বাস্তুতন্ত্র রক্ষা পাবে। ইউনিয়ন কাউন্সিল, পৌরসভা, বন বিভাগ তথা প্রশাসন বর্ষার সময় এ ধরনের কর্মসূচি নিয়ে দৃষ্টান্ত স্থাপন করুক।

লিয়াকত হোসেন খোকন