এএফপি
ইসরাইল গাজায় আবারও বিমান হামলা চালিয়েছে। ফিলিস্তিনি অঞ্চল থেকে ইসরাইলে গ্যাসীয় বেলুন পাঠানোর পর তেলআবিব রবিবার রাতে এ বিমান হামলা চালায়।
ফিলিস্তিনের নিরাপত্তা সূত্র বলছে, গাজার উত্তরাঞ্চলের খোলা জায়গা এবং দক্ষিণাঞ্চলীয় খান ইউনুসে হামাসের সামরিক প্রশিক্ষণ এলাকায় ইসরাইল এ হামলা চালিয়েছে। তবে এতে কোনো পক্ষ থেকেই ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এ হামলা নিয়ে ইসরাইলি সেনাবাহিনীও কোনো মন্তব্য করেনি। তবে ফিলিস্তিনি অঞ্চলে বেসামরিক-বিষয়ক সামরিক শাখা (সিওজিএটি) এক বিবৃতিতে বলেছে, গাজা উপত্যকা থেকে অব্যাহতভাবে গ্যাসীয় বেলুন পাঠানো হচ্ছিল। এটি ইসরাইলি সার্বভৌমত্বের লঙ্ঘন। সিওজিএটি এজন্য হামাসকে দায়ী করে বলেছে, ইসরাইলি জনগণের বিরুদ্ধে এই সহিংসতার পরিণাম হামাসকে ভোগ করতে হবে।
