ইত্তেফাক রিপোর্ট
এলডিসির থেকে স্থায়ীভাবে গ্র্যাজুয়েশন হলে দেশের বাস্তব উন্নয়ন এবং জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধির একটি স্বীকৃতি মিলবে। যদিও এর ফলে বাংলাদেশকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। আর এ চ্যালেঞ্জ মোকাবিলায় ফ্যাশন-ডিজাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠা, পণ্য উত্পাদনশীলতা বৃদ্ধি ও উত্পাদন ব্যয় হ্রাস করে প্রতিযোগিতা টিকে থাকা, ব্যবসাবান্ধব পরিবেশ ও বাণিজ্য সহজীকরণ করতে হবে। এছাড়া আইটি অবকাঠামো উন্নত করা, বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং সক্রিয় ফার্মাসিউটিক্যাল (এপিআই) পার্ক স্থাপন দেশকে ২০২৬ সালের মধ্যে স্থায়ীভাবে উন্নয়নশীল দেশের মর্যাদা নিয়ে যেতে সাহায্য করবে। দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্স অব বাংলাদেশ (আইসিএবি) ‘এলডিসি গ্র্যাজুয়েশন :চ্যালেঞ্জ এবং সুযোগ’ শীর্ষক এক ভার্চুয়াল ওয়েবিনারে আয়াজন করে। এতে বক্তারা এসব কথা বলেন। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অংশ নেন। পরিকল্পনা কমিশনের শিল্প ও জ্বালানি বিভাগের সদস্য (সচিব) শরীফা খান বিশেষ অতিথি হিসাবে ওয়েবিনারে যোগদান করেন। ওয়েবিনারে বক্তারা বলেন যে, দেশটিতে বাণিজ্য দক্ষতা এবং অভিযোজনযোগ্যতার ব্যাপক বিকাশ লাভ করেছে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের জিএসপি প্রত্যাহার করার পরও দেশে টেক্সটাইল এবং পোশাক শিল্পের সাফল্য প্রশংসনীয়। ওয়েবিনারে আইসিএবি প্রেসিডেন্ট মাহমুদউল হাসান খসরু এফসিএ স্বাগত বক্তব্য রাখেন। আইসিএবির সদস্য কাউন্সিল ও সাবেক প্রেসিডেন্ট মো. হুমায়ুন কবির এফসিএ অধিবেশন চেয়ারম্যান হিসাবে ওয়েবিনারে সভাপতিত্ব করেন। আইসিএবির সিইও ও প্রাক্তন সিনিয়র সচিব শুভাশীষ বসু মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বাংলাদেশ ট্যারিফ কমিশনের (বিটিসি) সদস্য মোস্তফা আবিদ খান, বিএসআরএম চেয়ারম্যানের আলী হুসেন আকবর আলী এফসিএ, অ্যাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মনজুর এবং এফবিসিসিআইয়ের উপদেষ্টা মনজুর আহমেদ ওয়েবিনারের প্যানেল স্পিকার ছিলেন। প্রধান অতিথি হিসাবে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেন, আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন নতুন কিছু বাস্তবতা সামনে নিয়ে আসবে এবং দেশ বৈশ্বিক বাণিজ্যে কিছু সুবিধা হারাতে পারে। তিনি পরামর্শ দেন যে, আমাদের দেশে একটি যথাযথ ব্যবসায়ের পরিবেশ তৈরি করা দরকার এবং বাণিজ্যের সামগ্রিক প্রতিযোগিতা বাড়াতে সরকারকে আরো বেশি করে বিদেশের সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে হবে । আইসিএবির প্রেসিডেন্ট মাহমুদউল হাসান খসরু এফসিএ বলেন, বেসরকারি ও সরকারি উভয় ক্ষেত্রেই এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত হওয়া উচিত।
