শুভ সিকদার, রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা
সমুদ্রের কোলঘেঁষা উপকূলীয় উপজেলা রাঙ্গাবালীর জেলেরা গভীর সাগরে সব ধরনের মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর আশায় বুক বেঁধেছিল, ভেবেছিল নিষেধাজ্ঞা শেষে ইলিশের দেখা মিলবে। কিন্তু ইলিশের ভরা মৌসুমেও জেলেদের জালে ধরা পড়ছে না ইলিশ।
জ্যৈষ্ঠ থেকে ভরা মৌসুম চলছে কিন্তু জ্যৈষ্ঠ-আষাঢ় পেরিয়ে শ্রাবণেও আশানুরূপ দেখা মিলছে না ইলিশের। নিষেধাজ্ঞার পর গত শুক্রবার মধ্যরাত থেকে মাছ ধরা শুরু হয়। কিন্তু নদনদী ও সাগরেও দেখা মিলছে না তেমন ইলিশের। সাগরে মোটামুটি ইলিশ পাওয়া গেলেও আগুনমুখা, দারছিড়া ও বুড়াগৌরাঙ্গ নদীতে মাছের হাহাকার। ভোজনরসিকদের চোখ ইলিশের ডালির দিকে। অন্য বছর এই সময়ে বাজারে প্রচুর ইলিশ পাওয়া গেলেও এবার ঠিক উলটো। ইলিশের মৌসুমেও ইলিশ ধরতে না পারায় দুর্দিনে পড়েছেন জেলেরা। একই সঙ্গে হতাশ মাছের আড়তের মালিকরাও। সারা দিনে দুই এক ঝুড়ি মাছ ঘাটে আসলেও তেমন হইচই নেই রাঙ্গাবালীর চরমোন্তাজ ও কোড়ালিয়া মত্স্য ঘাটে। সেই সঙ্গে উপজেলার হাটবাজারগুলোতেও নেই ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাক। ফলে উপজেলার ১৩ হাজার ৮৪৭ জন নিবন্ধিত জেলেসহ প্রায় ২০ হাজার জেলে হতাশায় রয়েছেন। একদিকে করোনা সংকট, অন্যদিকে নিষেধাজ্ঞার পর ইলিশ না পাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন তারা।
কোড়ালিয়ার মাছ ব্যবসায়ী স্বপন সাহা বলেন, টানা ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। জেলেরা সাগরে গেছে। কিন্তু ভরা মৌসুমেও তেমন ইলিশ এবার পাচ্ছে না। উপজেলার চরমোন্তাজ গ্রামের জেলে শানু মিয়া বলেন, এবার মাছ তেমন পাওয়া যাচ্ছে না। কিছু জাটকা আর বিভিন্ন প্রজাতির গুঁড়া মাছ পায় এই দিয়ে কোনোরকমে চলে। বড় কোনো মাছ নেই। গেল বার এমন সময়ে ছোট-বড় ইলিশ মাছ পাওয়া গেছে । সিজনের গড়ে আর দুই মাস সময় আছে, এই অবস্থা চলতে থাকলে জেলেরা বাঁচবে না।
রাঙ্গাবালী উপজেলা মত্স্য কর্মকর্তা মো. আনোয়ারুল হক বাবুল বলেন, মূলত চলতি বছরে দেরিতে বৃষ্টি হয়েছে, যার ফলে ইলিশ মাছের তেমন দেখা মিলছে না। বৃষ্টির পানি হলেই মাছ জাগে। বৃষ্টি যত বেশি হবে তত বেশি মাছ পাওয়া যাবে। ভোলাসহ উপকূলীয় কিছু কিছু জায়গায় মাছ মোটামুটি দেখা যাচ্ছে। দেরি হলেও এখানেও মাছের দেখা মিলবে এমনটা আশা করা যায়।
এ ব্যাপারে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ, অ্যাকোয়াকালচার অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ইলিশ মাছের মৌসুম পরিবর্তন হয়ে যাচ্ছে। সে কারণেই এই ভরা মৌসুমেও ইলিশ ধরা পড়ছে না। তার মতে, বিষয়টি চিন্তার হলেও এতে হতাশ হওয়ার কিছু নেই। জেলেদের জালে যে একদমই মাছ ধরা পড়ছে না, তা কিন্তু নয়। ইলিশ ধরা পড়ছে তবে পরিমাণে কম।
