বেতাগী (বরগুনা) সংবাদদাতা
জনবল সংকটের কারণে দীর্ঘদিন ধরে তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্সরে কক্ষ। অযত্ন-অবহেলায় নষ্ট পড়ে আছে এক্সরে মেশিনটি। কক্ষের সামনে মরিচা ধরা তালা ঝুলছে। দরজা জুড়ে রয়েছে মাকড়শার জাল। সরেজমিনে এমন চিত্র চোখে পড়ে। স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও রবীন্দ্রনাথ সরকার বলেন, এক্সরে মেশিনটি অকেজো থাকায় রোগীদের বাইরে থেকে এক্সরে করতে হচ্ছে। বিষয়টি স্বীকার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. তেন মং বলেন, জনবল সংকটের কারণে এক্সরে মেশিনটি চালু করা যাচ্ছে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার চিঠি দিয়েও সমাধান হয়নি।
