খুলনা অফিস
খুলনায় ইয়াসিন শেখ (৩৫) নামের এক যুবককে ধারালো অস্ত্রের আঘাতে খুন করা হয়েছে। রবিবার রাত সাড়ে ১০টার দিকে দীঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের চন্দনীমহল গাজীপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ইয়াসিন শেখ বগদিয়া গ্রামের নিজাম শেখের ছেলে এবং স্থানীয় ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফারহানা হালিমের সমর্থক। নিহতের ফুফাতো ভাই ও স্থানীয় ইউপি সদস্য আশরাফ মোল্লা বলেন, ‘তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ইউপি নির্বাচনে ফারহানা হালিম আওয়ামী লীগের মনোনয়ন পেলে আমরা তাকে সমর্থন দিই। এতে প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে ইয়াসিনকে কুপিয়ে হত্যা করেছে।’ দীঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ চৌধুরী বলেন, হত্যাকাণ্ডে এখনো মামলা হয়নি। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
