কুমিল্লায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

আপডেট : ২৬ জুলাই ২০২১, ২১:১৯

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় শাহীনুর আক্তার (৩৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তার স্বামী জাহাঙ্গীর আলমকে (৪৯) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে জেলার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ওসি মো. আলমগীর হোসেন। জানা গেছে, দীর্ঘদিন ধরে আনসার সদস্য জাহাঙ্গীর আলমের সঙ্গে তার স্ত্রী শাহীনুরের পারিবারিক কলহ চলে আসছিল। এ ঘটনার জের ধরে জাহাঙ্গীর রবিবার রাতে শাহীনুরকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করেন। এতে তার মাথা ফেটে রক্তক্ষরণ হয় এবং সোমবার ভোরে তিনি মারা যান। বুড়িচং থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, নিহত শাহীনুরের স্বামী জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।