মাদকসহ বাবা ও ভাইকে পুলিশে দিল কলেজছাত্রী

আপডেট : ২৬ জুলাই ২০২১, ২১:১৯

বাঘা (রাজশাহী) সংবাদদাতা

বাঘায় মাদক সেবনের অর্থ জোগান দিতে হিমশিম খাওয়া এক পরিবার বাবা ও ছেলেকে হেরোইনসহ পুলিশে দিয়েছে। সোমবার সকালে উপজেলার পাকুড়িয়া এলাকার বাড়ি থেকে পরিবারের ফোন পেয়ে পুলিশ তাদের আটক করে।

আটককৃতরা হলেন পাকুড়িয়া এলাকার শফিকুল ইসলাম (৫০) এবং তার ছেলে ফারজিদ আরিফিন ওরুফে পারভেজ (১৮)। আটককৃত শফিকুল ইসলামের কলেজপড়ুয়া মেয়ে বলেন, আমি চাই আমার বাবা এবং ভাই আইনের আওতায় হাজত খেটে নিজেদের সুধরে নিক। এতে করে এক দিকে তাদের জীবন রক্ষা পাবে অপর দিকে আমরা আর্থিক ক্ষতিসাধন থেকে মুক্ত হব। এ চিন্তা করে সোমবার সকালে যখন তারা নেশা করছিল তখন আমি ওসি স্যারকে ফোন করে আট পুরি হেরোইনসহ আমার ভাই এবং বাবাকে পুলিশে ধরিয়ে দেই। বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করে আটক বাবা ও ছেলেকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।