পাটগ্রামে ওএমএসের চাল বিক্রি শুরু

আপডেট : ২৬ জুলাই ২০২১, ২১:১৯

পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা

করোনা ভাইরাস পরিস্থিতিতে দরিদ্র, অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসংকট নিরসনে সামাজিক দূরত্ব বজায় রেখে পাটগ্রাম পৌরশহরে খাদ্য অধিদপ্তর পরিচালিত (ওএমএস)-এর চাল ও আটা বিক্রি শুরু হয়েছে। সোমবার সকালে উপজেলার সাহেবডাঙা এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল। পৌর এলাকার সাহেবডাঙা স্টেডিয়াম, স্টেশন মোড় ও বাইপাস মোড় এলাকার তিনটি স্থানে খোলা বাজারে ৩০ টাকা দরে প্রতি কেজি চাল ও ১৮ টাকা দরে আটা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিক্রি করা হবে। প্রতি পরিবার পাঁচ কেজি করে চাল ও তিন কেজি করে আটা কেনার সুযোগ পাবে। পাটগ্রাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আইজুল ইসলাম বলেন, করোনা ভাইরাস আর লকডাউনে অবস্থা খুব খারাপ। সংসার চালানো কষ্টকর হয়ে পড়ছে। এ সময় সরকার ৩০ টাকা দরে চাল কেনার সুযোগ দিয়ে খুব উপকার করছে।