নাটোর প্রতিনিধি
নাটোরের লালপুরে দেশীয় অস্ত্রসহ চার জনকে গ্রেফতার করেছে র্যাব-৫। রবিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ঈশ্বর পাড়া সিরাজিপুর চৌরাস্তার মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হলো—উপজেলার বিলমাড়িয়া এলাকার আনিছুর রহমান আনিছ, নয়াপাড়া গ্রামের রাসেল আহমেদ, বিলমাড়িয়া এলাকার হাসিবুল ইসলাম ও আহমেদ সজল। সিপিসি-২ (নাটোর), র্যাব-৫ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সানরিয়া চৌধুরী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের অপারেশন দল লালপুর উপজেলার ঈশ্বর পাড়া সিরাজিপুর চৌরাস্তার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। সেখান থেকে ডাকাতির আলামতসহ কথিত পাকা বাহিনীর নেতাসহ চার জনকে গ্রেফতার করে র্যাব-৫। তাদের তল্লাশি করে চারটি হাসুয়া, পাঁচটি চাকু, একটি চাপাতি, দুইটি ক্ষুর জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
