কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা
কচুয়ায় রিয়া আক্তার (১৭) নামের এক মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে কচুয়া পৌরসভাধীন কোয়া খানবাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। মা রিপা বেগম জানান, রিয়া খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী ছিল। লকডাউনের কারণে বাড়িতে থেকে লেখাপড়া করছিল। রবিবার সন্ধ্যায় কে বা কারা তার মোবাইলে ফোন করে কথা বলে। এর পর থেকে রিয়াকে বিমর্ষ দেখা যায়। রাত দেড়টার দিকে তার কক্ষে গিয়ে দেখি ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে আছে। এ ব্যাপারে কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, থানায় অপমৃত্যু মামলা দায়ের করে মাদ্রাসাছাত্রীর লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।
