সেনবাগ-প্রতাপপুর সড়কে অবশেষে নতুন দুই ব্রিজ

আপডেট : ২৬ জুলাই ২০২১, ২১:২০

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা

নোয়াখালীর সেনবাগ-প্রতাপপুর ব্যস্ততম সড়কে সেনবাগ পৌর শহরের উপকণ্ঠে জরাজীর্ণ সেই দুইটি ব্রিজের স্থলে অবশেষে নতুন দুইটি ব্রিজ নির্মাণ করা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ (সওজ) ব্রিজ দুটি নির্মাণ করছে। সম্প্রতি দৈনিক ইত্তেফাকে ‘সেনবাগ-প্রতাপপুর সড়কে দুর্ঘটনা ঝুঁকিতে দুই সেতু’ শিরোনামে একটি সচিত্র সংবাদ প্রকাশ হলে সওজের টনক নড়ে।

সোমবার সরেজমিনে দেখা যায়, সেনবাগ-প্রতাপপুর ব্যস্ততম সড়কের সেনবাগ পৌর শহরের পূর্ব বাজার সংলগ্ন একটি ব্রিজ এবং তার ৩০০ গজ পূর্ব পাশের দ্বিতীয় ব্রিজটির নির্মাণকাজ অনেকটা শেষ হয়েছে। তবে সড়ক পুরোপুরি সংস্কার না হওয়ায় যান চলাচল পুরোপুরি শুরু করা যায়নি।

সওজ নোয়াখালী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী বিনয় কুমার পাল ইত্তেফাককে জানান, সেনবাগ-প্রতাপপুর ব্যস্ততম সড়কের সেনবাগ পৌর শহরের অংশে খুবই গুরুত্বপূর্ণ জায়গায় ব্রিজ দুইটির নির্মাণকাজ শেষ পর্যায়ে রয়েছে। পর্যায়ক্রমে সড়কের বাকি ব্রিজগুলোর সমস্যাও সমাধান করা হবে বলেও তিনি আশ্বাস দেন।