চৌদ্দগ্রামে পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেল পাঁচ গরুর
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা চৌদ্দগ্রামে পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেছে পাঁচটি গরুর। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উপজেলার কালিকাপুর ইউনিয়নের বিজয়পুর গ্রামে। মৃত গরুর মালিক ফরিদ মিয়া মজুমদার জানান, তিনি পাঁচটি গরু নিয়ে ফসলি মাঠে ঘাস খাওয়াতে যাচ্ছিলেন। কিছু দূর যাওয়ার পর পল্লী বিদ্যুতের একটি খুঁটির নিচে আসার পর গরুগুলো ছটফট করে ঘটনাস্থলে মারা যায়। এ সময় তিনি দেখেন, খুঁটি থেকে একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে মাটিতে পড়ে আছে। কালিকাপুর ইউপি চেয়ারম্যান মাহবুব হোসেন মজুমদার বলেন, পল্লী বিদ্যুতের খামখেয়ালির কারণেই পাঁচটি গরুর প্রাণ গেছে। তিনি পল্লী বিদ্যুতের কাছে এর ক্ষতিপূরণ দাবি করেন। পল্লী বিদ্যুত্ মিয়াবাজার জোনাল অফিসের এ জি এম মশিউল আলম বলেন, খুঁটির ওপর থেকে বৈদ্যুতিক গোলযোগের কারণে একটি তার ছিঁড়ে মাটিতে পড়েছিল। বিষয়টি স্থানীয়ভাবে আমাদের না জানানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। পল্লী বিদ্যুতের কুমিল্লা অঞ্চলের জি এম মোস্তাফিজুর রহমান বলেন, তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির রিপোর্টের সাপেক্ষে গরুর মালিকের ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করা হবে।
বান্দরবানে ছয় খুন মামলার প্রধান আসামি কারাগারে
বান্দরবান প্রতিনিধি বান্দরবানে ছয় খুন মামলার প্রধান আসামি আপাই মারমাকে (৩৮) কারাগারে পাঠিয়েছে আদালত। রবিবার বিকালে বান্দরবানের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেনের আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়। এর আগে শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের জামছড়ি মুখ পাড়ার বাসা থেকে আপাই মারমাকে গ্রেফতার করে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আপাই মার্মার বাবার নাম সাদেচিং মারমা। উল্লেখ্য, ২০২০ সালের ৭ জুলাই বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের বাঘমারা বাজার পাড়ায় জেএসএস এম এন লারমা গ্রুপের জেলা সভাপতি রতন তঞ্চঙ্গ্যার বাড়িতে একদল সশস্ত্র অস্ত্রধারী হামলা চালায়। গুলিতে এমএন লারমা দলের বান্দরবান জেলা সভাপতি রতন তঞ্চঙ্গ্যাসহ ছয় জন নেতাকর্মী ঘটনাস্থলে নিহত হন। নিহত অন্যরা হলেন :সহসভাপতি প্রজিত চাকমা, সদস্য ডেবিট বাবু, মিলন চাকমা, জয় ত্রিপুরা ও দিপেন ত্রিপুরা। ঘটনার পর ৮ জুলাই বান্দরবান সদর থানায় নামধারী ১০ জন ও অজ্ঞাত আরো ১০ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক শিবেন বিশ্বাস বলেন, বান্দরবানে ছয় খুন মামলার প্রধান আসামি আপাই মার্মাকে পাঁচ দিনের জন্য রিমান্ড আবেদন করা হয়। রবিবার শুনানি না হওয়ায় আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মহেশপুরে ফেনসিডিলসহ আটক ৩
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা মহেশপুরের বাঘাডাঙ্গা সীমান্তে সোমবার ভোরে ফেনসিডিলসহ তিন ব্যক্তিকে আটক করেছে ৫৮ বিজিবি। বিজিবির প্রেস রিলিজ সূত্রে প্রকাশ, ৫৮ বিজিবির অধীনস্থ বাঘাডাঙ্গা বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার হুদাপাড়া গ্রামের আমবাগান থেকে বাঘাডাঙ্গা গ্রামের আমিরুল ইসলামের ছেলে আল আমিন (১৯), বজলুর রহমানের ছেলে ইমরান হোসেন (২০) ও সালাম মোল্লার ছেলে আহসান হাবিব (২৮)কে ৭২ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক করে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে। আসামিদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।
