লেডেকিকে হারিয়ে স্বর্ণ টিটমাসের

আপডেট : ২৬ জুলাই ২০২১, ২১:৪৫

স্পোর্টস ডেস্ক

যুক্তরাষ্ট্রের কেটি লেডেকি অলিম্পিকের পাঁচ বারের স্বর্ণজয়ী। রিও-তে স্বর্ণ জিতলেও টোকিওতে মুকুট হারিয়েছেন তিনি। মেয়েদের ৪০০ মিটার ফ্রি-স্টাইলে গতকাল দুর্দান্ত ফাইনালে লেডেকি হারিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার আরিয়ার্ন টিটমাস। মাত্র ৫০ মিটার দূরত্ব ছিল দুজনের মধ্যে।

টোকিও অ্যাকুয়াটিক সেন্টারে গতকাল ৩ মিনিট ৫৬ দশমিক ৬৯ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন টিটমাস। ৩ মিনিট ৫৭ দশমিক ৩৬ সেকেন্ড সময় নিয়ে রুপা পেয়েছেন লেডেকি। এ ইভেন্টে ৪ মিনিট ১ দশমিক ০৮ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পদক পান চীনের সাঁতারু বিংজি লি।

অলিম্পিকে পদক হারালেও ৪০০ মিটার ফ্রি-স্টাইলে বিশ্ব রেকর্ড ও অলিম্পিকের রেকর্ড অবশ্য লেডেকির দখলেই থাকছে। ২০১৬ সালে রিও অলিম্পিকে ৩ মিনিট ৫৬ দশমিক ৪৬ সেকেন্ড সময় রেকর্ড গড়েছিলেন লেডেকি।

অস্ট্রেলিয়ান টিটমাসের বিশ্বাসই হচ্ছিল না যে, তিনি স্বর্ণ জিতে গেছেন। ইভেন্ট শেষে তিনি বলেছেন, ‘আমার বিশ্বাসই হচ্ছে না। আমি আবেগ ধরে রাখার চেষ্টা করছি।’ তবে বিনয়ী টিটমাস নিজের স্বর্ণ জয়ে লেডেকিকেও কৃতিত্ব দিয়েছেন। ২০ বছর বয়সি এ সাঁতারু বরেছেন, ‘তাকে (লেডেকি) ছাড়া আমি এখানেই আসতে পারতাম না। সে অসামান্য এ মানদণ্ড তৈরি করেছে। পুরো কৃতিত্বই তার।’

তিনি আরো বলেন, ‘আমি যতটা সম্ভব শান্ত থাকার চেষ্টা করেছি প্রতিযোগিতার সময়। আমার বিশ্বাস হচ্ছে না যে আমি এটা শেষ করতে পেরেছি।’ স্বর্ণ না জিতলেও লেডেকি খুব হতাশ নন। কারণ, ইভেন্টে নিজের দ্বিতীয় সেরা টাইমিং করেছেন তিনি। ২৪ বছর বয়সি এ মার্কিন সাতারু বলেছেন, ‘আমি এর চেয়ে ভালো করতে পারতাম না। এটা দুর্দান্ত প্রতিযোগিতা ছিল, অনেক মজা পেয়েছি। আমার মনে হয়েছে আমি পুরোটা দিয়ে লড়েছি, এটাই আপনি চাইতে পারেন।’

তবে দিনের শেষভাগে স্বস্তির খোরাক পেলেন লেডেকি। মেয়েদের ১৫০০ মিটার ফ্রি-স্টাইলের হিটে রেকর্ড গড়ে প্রথম হয়েছেন তিনি। ১৫ মিনিট ৩৫ দশমিক ৩৫ সেকেন্ড সময় নিয়েছেন লেডেকি। তার পেছনে ছিলেন চীনের ওয়াং জিয়ানজিয়াহে।

এদিকে ছেলেদের ৪ গুণিতক ১০০ মিটার ফ্রি-স্ট্রাইলে রিলের ফাইনালে স্বর্ণ জিতেছে যুক্তরাষ্ট্র। কায়েলেব ড্রেসেলের নেতৃত্বাধীন দলটা ৩ মিনিট ৮.৯৭ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ পদক পায়। এ ইভেন্টে ইতালি রুপা ও অস্ট্রেলিয়া ব্রোঞ্জ জিতেছে।