‘সাহস করে মারতে হয়’

আপডেট : ২৬ জুলাই ২০২১, ২১:৪৫

স্পোর্টস রিপোর্টার

গত বছর বাংলাদেশের হয়ে যুব বিশ্বকাপ জিতেছিলেন শামীম হোসেন পাটোয়ারি। বয়স ভিত্তিক ক্রিকেটের পর্ব পার হতেই ব্যাটিংয়ের ধরনটা পাল্টে পেলেন তিনি। ঘরোয়া ক্রিকেটে মারকুটে ব্যাটসম্যান হিসেবে ধরা দেন। টি-২০ তে লোয়ার অর্ডারে নেমে ঝড় তোলার কাজটা অভ্যাস বানিয়ে জাতীয় দলে ডাক পেয়েছেন শামীম।

আন্তর্জাতিক ক্রিকেটের তপ্ত জমিনে এসেই কাঙ্খিত টার্গেট পূরণ করেছেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচে ১৩ বলে ২৯ রান (৩ চার, ২ ছয়) ও ১৫ বলে অপরাজিত ৩১ রানের (৬ চার) ইনিংস খেলেছেন। শেষ ইনিংসে তার ব্যাটিংয়েই জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচের সঙ্গে সিরিজও জিতে গেছে বাংলাদেশ। 

রোববার ম্যাচ শেষে শামীম বলেছেন, সাহস করে বড় শট খেলতে হয়। ২০ বছর বয়সী এ তরুণ বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে খারাপ বল কম পাওয়া যায়। বেশিরভাগ সময়ই ভাল বল আসে, সেগুলোই সাহস করে মারতে হয়। এই দায়িত্ব নিয়ে খেলতে হয়।’

অভিষেকে ম্যাচ শেষ করতে না পারার আক্ষেপই তাতিয়ে ছিল শামীমকে। তিনি বলেছেন, ‘গত ম্যাচে শেষ করতে পারিনি। তাই মনে রেখেছিলাম পরের ম্যাচে সুযোগ পেলে আমার লক্ষ্য থাকবে শেষ করে আসা। সেই সুযোগটা পেয়ে আমি সফলও হয়েছি তাই অনেক ভাল লাগছে।’ আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা সম্পর্কে শামীম বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে অনেক কঠিন। এতদিন অনূর্ধ্ব-১৯ খেলেছি বা ক্লাব খেলেছি তার চেয়ে আন্তর্জাতিক অনেক কঠিন, তা বুঝতে পেরেছি এখানে এসে।’