বিশ্বকাপ পর্যন্ত ব্যাটিং কোচ প্রিন্স
স্পোর্টস রিপোর্টার
নিজেদের ইতিহাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম বার দ্বিপাক্ষিক টি-২০ সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। ২৯ জুলাই ঢাকায় আসছে অস্ট্রেলিয়ানরা। কিন্তু ইনজুরি, পারিবারিক কারণে হোম সিরিজের আগে একের পর এক ক্রিকেটার হারাচ্ছে স্বাগতিকরা। মুশফিকুর রহিম, তামিম ইকবালের পর অস্ট্রেলিয়া সিরিজে লিটন কুমার দাসকেও পাচ্ছে না বাংলাদেশ। পারিবারিক কারণে জিম্বাবুয়ে থেকে দলের আগেই ফিরে আসছেন লিটন। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন আকরাম খান। তিনি বলেছেন, ‘লিটন যত দ্রুত সম্ভব দেশে ফিরতে চায়, তার পরিবারের এক সদস্য অসুস্থ।’ জানা গেছে, শ্বশুর অসুস্থ। তাই ফিরে আসছেন লিটন। ইতিমধ্যে জিম্বাবুয়ে থেকে দেশে ফেরার বিমানেও চড়েছেন তিনি। বাংলাদেশ দল দেশে ফিরবে ২৯ জুলাই।
দলের আগে ফেরা মানেই জৈব সুরক্ষা বলয়ের বাইরে চলে যাবেন লিটন। অস্ট্রেলিয়ার শর্ত অনুযায়ী হোম সিরিজে খেলতে পারবেন না তিনিও। অবশ্য হাতের চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ম্যাচে অনিশ্চিত ছিলেন লিটন।
গোড়ালির চোটে মুস্তাফিজুর রহমানও মিস করতে পারেন দুই ম্যাচ। হালকা চোট বয়ে বেড়াচ্ছেন সাকিব আল হাসান ও সৌম্য সরকার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাই পূর্ণ শক্তির দল পাচ্ছে না বাংলাদেশ।
আকরাম খান গতকাল জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে দিবারাত্রির পাঁচটি টি-২০ ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়। জিম্বাবুয়ে সফরে ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করা দক্ষিণ আফ্রিকার অ্যাশওয়েল প্রিন্সকে রেখে দিতে চায় বিসিবি। ক্রিকেটাররা ভালো রিপোর্ট দেওয়ায় টি-২০ বিশ্বকাপ পর্যন্ত প্রিন্সের সঙ্গে চুক্তি করতে চায় বিসিবি। গতকাল আকরাম খান বলেছেন, ‘আমরা ওকে শুধু জিম্বাবুয়ে সিরিজের জন্য নিয়োগ দিয়েছি। কিছু প্লেয়ারের সঙ্গে কথা বলেছি, দেখলাম তারা বেশ আস্থা রেখেছে ওর ওপর। ওরা তার কাজ নিয়ে সন্তুষ্ট। যেহেতু বিশ্বকাপের আগে কোচ পাওয়া (কঠিন হবে), জিম্বাবুয়েতে দেখলাম কিছু ব্যাটসম্যান চমত্কার ব্যাটিং করেছে। সবকিছু মিলিয়ে আমরা চিন্তা করছি তাকে নিয়ে এগোতে। এতটুকু নিশ্চিত বিশ্বকাপ পর্যন্ত সে আছে।’
