দুর্ঘটনার আতঙ্কে এলাকাবাসী
মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন অ্যান্ড ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের সরবরাহ লাইনের পাইপ ফেটে বের হচ্ছে গ্যাস। আধা কিলোমিটার এলাকা জুড়ে প্রতিনিয়ত গ্যাস বের হওয়ায় আগুন লেগে দুর্ঘটনা আতঙ্কে ভুগছেন এলাকাবাসী। নিরাপত্তাহীনতার মধ্যে চলাচল করছে যানবাহন এবং হাজার হাজার শ্রমিক কর্মচারী।
জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের হাটুভাঙ্গা ওভার ব্রিজ এলাকায় মহাসড়কের ওপর গ্যাস বের হওয়ার এমন ঘটনা ঘটেছে। গতকাল সোমবার ঘটনাস্থল ঘুরে দেখা গেছে, মহাসড়কের মাটি ভেদ করে পাইপ দিয়ে অবিরত বুদবুদ আকারে গ্যাস বের হচ্ছে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের টাঙ্গাইল জোনাল অফিস কর্তৃপক্ষ ঘটনার সত্যতা স্বীকার করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
গোড়াই শিল্পাঞ্চলের একাধিক ব্যক্তি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে গোড়াইতে গ্যাস সরবরাহের পাইপ দিয়ে অবিরত গ্যাস বের হচ্ছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ব্যস্ততম ও জাতীয় একটি মহাসড়ক। মহাসড়ক দিয়ে উত্তরাঞ্চলে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন লাইন নেওয়া হলে মহাসড়ক ফোর লাইন কাজের সময় গ্যাস লাইনের কয়েকটি স্থানে পাইপ ফেটে ক্ষতিগ্রস্ত হয়। এতে করে গোড়াই থেকে ক্যাডেট কলেজ পর্যন্ত প্রায় আধা কিলোমিটার এলাকায় অবিরত গ্যাস বের হচ্ছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু বলেন, দীর্ঘদিন ধরেই গোড়াইতে গ্যাসের পাইপ দিয়ে গ্যাস বের হচ্ছে। বিষয়টির দিকে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করলেও কর্তৃপক্ষ আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের টাঙ্গাইল জোনাল অফিসের ম্যানেজার মো. আব্দুর রউফ বলেন, ওভার ব্রিজ ও ফোর লাইনের কাজ করার সময় মির্জাপুরের গোড়াইতে পাইপ ফেটে গ্যাস বের হচ্ছে—এমন অভিযোগ আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন (অপারেশন) বিভাগকে বলা হয়েছে। ইতিমধ্যে ঢাকা থেকে কারিগরি কমিটির কর্মকর্তারা ঘটনাস্থলে এসেছেন। দুর্ঘটনা প্রতিরোধে গ্যাসলাইনের দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
