কুমিল্লা প্রতিনিধি
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) ও ম্যাক্স গ্রুপের সহায়তায় আইইবি সদর দপ্তর একটি অক্সিজেন সাপোর্ট সেন্টার গঠন করেছে। সেখান থেকে কুমিল্লাসহ সারা দেশে ১০০০টি হাইফ্লো অক্সিজেন সিলিন্ডার বিনা মূল্যে বিতরণ করা হচ্ছে। ইতিমধ্যে খুলনা, রাজশাহী, বরিশালসহ করোনাআক্রান্ত জেলায় অক্সিজেন সিলিন্ডার প্রেরণ করা হয়েছে।
গতকাল সোমবার কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল, কুমিল্লা জেনারেল (সদর) হাসপাতাল, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারটি পৃথক অনুষ্ঠানে আইইবি-ম্যাক্সের সৌজন্যে অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়। কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও কুমিল্লা জেনারেল হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার।
সভাপতিত্ব করেন আইইবি কুমিল্লা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী আবুল বাসার। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মহিউদ্দিন, কুমিল্লা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মোস্তফা কামাল আজাদ, উপাধ্যক্ষ ডা. ইজাজুল হক, সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন, জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনা প্রমুখ।
