কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজ ও ভাণ্ডারিয়া
মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ এবং সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজের সাবেক সহকারী অধ্যাপক বিশিষ্ট শিক্ষানুরাগী কবি মো. মোশাররফ হোসেন মামুন (৫৯) বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় বরিবার দিবাগত ভোররাত সাড়ে ৪টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পারিবারিক সূত্রে জানা যায়, অধ্যক্ষ মামুন কিছু দিন আগে করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছিলেন। তিনি দীর্ঘদিন ধরে হার্টের সমস্যাসহ নানা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার লেখা কবিতা ও গল্পের কয়েকটি বই প্রকাশিত হয়েছে। শিক্ষকদের অধিকার আদায়ে শিক্ষক আন্দোলনসহ বিভিন্ন আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন।
ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা জানান, তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ঐ কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি জাতীয় পার্টি-জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি, কলেজ পরিচালনা কমিটির সভাপতি দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যা সম্পাদক সাবেক এমপি তাসমিমা হোসেন। এছাড়াও সমবেদনা জানান কলেজ পরিচালনা কমিটির সদস্য জাতীয় পার্টি-জেপির ভাণ্ডারিয়া উপজেলা আহ্বায়ক এবং উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার, কলেজ পরিচালনা কমিটির সদস্য ও জেপির উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মাহিবুল হোসেন মাহিম, সদস্য ও যুগ্ম আহ্বায়ক এবং পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু জাফরসহ বিশিষ্ট জনরা। গতকাল সোমবার বিকাল ৫টায় তার গ্রামের বাড়ি পার্শ্ববর্তী কাঠালিয়া উপজেলার সৌলজালিয়া গ্রামে নিজ বাড়িসংলগ্ন স্থানে জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য বজলুল হক হারুন, উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির, উপজেলা নির্বাহী অফিসার ও আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি সুফল চন্দ্র গোলদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান উজির সিকদার, ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন, আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সমীর কুমার সাহা, কলেজের অধ্যাপকবৃন্দ ও কর্মচারীবৃন্দ, উপজেলা সুজনের সভাপতি অধ্যাপক মো. আবদুল হালিম, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন খান, কাঠালিয়া বার্তার সম্পাদক মো. শহীদুল আলম, বার্তা সম্পাদক মো. সাকিবুজ্জামান সবুর প্রমুখ।
