প্রবীণ ফটো সাংবাদিক লুত্ফর রহমান বীনু আর নেই

আপডেট : ২৬ জুলাই ২০২১, ২১:৫২

প্রবীণ ফটো সাংবাদিক, জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য মুক্তিযোদ্ধা মো. লুত্ফর রহমান

বীনু (৬৬) আর নেই। গতকাল সোমবার দুপুর ১২টায় খিলগাঁওয়ের বাসায় অসুস্থ হয়ে পড়লে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে নেওয়ার পথে হূদেরাগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন।

লুত্ফর রহমান বীনু অত্যন্ত প্রতিভাবান একজন ফটো সাংবাদিক ছিলেন। তিনি সর্বশেষ দৈনিক ইনকিলাবে সিনিয়র ফটো সাংবাদিক হিসেবে অবসর নেন। এছাড়াও তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত ফটো সাংবাদিক হিসেবে কাজ করেন। তার উল্লেখযোগ্য প্রকাশনা হচ্ছে (ফটো অ্যালবাম ও ছবির বই) ঢাকা-৭১ স্ট্রাগল ফর ডেমোক্রেসি, আমাদের প্রধানমন্ত্রী, এ চলার শেষ নেই। গতকাল সোমবার বাদ-আসর খিলগাঁওয়ের স্থানীয় মসজিদে নামাজে জানাজার পর পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান এক বিবৃতিতে ক্লাব সদস্য লুত্ফর রহমান বীনুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।