ইত্তেফাক রিপোর্ট
বিএনপির পরিকল্পিত লকডাউনটা কী, তা জানতে চেয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। গতকাল সোমবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে তথ্যমন্ত্রীর সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকরা লকডাউন নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনার বিষয়ে প্রশ্ন করলে মন্ত্রী বলেন, ‘বিএনপির পরিকল্পিত লকডাউনটা কী? সেটা ২০১৩-১৪-১৫ সালে ১৫৮ দিন মানুষকে বন্দি করে রাখার মতো নাকি? লকডাউন নিয়ে বিএনপির লাগাতার সমালোচনার জবাবে এ প্রশ্ন রাখেন তথ্যমন্ত্রী।
তথ্যমন্ত্রী বলেন, ‘লকডাউন নিয়ে বিএনপির পক্ষ থেকে একেক সময় একেক ধরনের কথা বলা হচ্ছে। লকডাউন দেওয়ার আগে তারা বলেছিল দেশে কঠোর লকডাউন দেওয়া দরকার। আবার লকডাউন দেওয়ার পর বলছে, এই লকডাউন অপরিকল্পিত। তাহলে তাদের পরিকল্পিত লকডাউনটা কী, সেটার প্রেসক্রিপসনটা তারা দিক।’ তথ্যমন্ত্রী এ সময় বলেন, বাংলাদেশে প্রায় দেড় বছর করোনা পরিস্থিতি। কিন্তু খেটে খাওয়া মানুষের দেশে একজনও না খেয়ে মৃত্যুবরণ করেনি। সরকার ও আমাদের দলের পক্ষ থেকে ব্যাপক তত্পরতার কারণে মানুষের মধ্যে কোনো হাহাকার নেই। সাময়িক অসুবিধা যে হচ্ছে না, তা নয়। অবশ্যই অনেকের সাময়িক অসুবিধা হচ্ছে। তবে এ অসুবিধা সাময়িক। সবাই যদি স্বাস্থ্যবিধি মেনে চলে তাহলে লকডাউন বিলম্বিত করতে হবে না। ‘সরকার দিন দিন হিংস্র হয়ে উঠছে, বিএনপি কর্মীদের গ্রেফতার করছে’ মর্মে সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমলীগের এ ধরনের বক্তব্যের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘প্রকৃতপক্ষে হিংস্রতার রাজনীতি বিশেষ করে ২০১৩-১৪-১৫ সালে যেভাবে মানুষকে পেট্রোলবোমা নিক্ষেপ করে হত্যা করা, বহু মানুষকে ঝলসে দেওয়া, বহু মানুষকে জীবনের তরে পঙ্গু করে দেওয়া হয়েছিল, এটি বাংলাদেশে আগে কেউ কখনো দেখেনি।
