ইত্তেফাক রিপোর্ট
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ কোটি টাকার সোনাসহ সৌদিফেরত এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিম। আটককৃতের নাম মাহিন উদ্দিন। তার গ্রামের বাড়ি কুমিল্লায়। ঢাকা কাস্টমস হাউজ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার রাত সোয়া ৩টার দিকে বাংলাদেশ এয়ারলাইন্সের ইএ ৪০৪০ নম্বর ফ্লাইট থেকে তাকে আটক করা হয়। পরে গ্রিন চ্যানেলে নিয়ে তল্লাশি করে ৪ কেজি ২৯২ গ্রাম ওজনের ৩৭টি সোনার বার উদ্ধার করা হয়। আটককৃত মাহিনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিমকে জানিয়েছে, কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কুমিল্লা সদরের জাকির হোসেন নামে এক পরিচিত প্রবাসী মাহিনের কাছে বারগুলো হস্তান্তর করে। শাহজালালে অবতরণের পরে এয়ারপোর্টের বাইরে কেউ এক জন ফোন করে সেগুলো বুঝে নেওয়ার কথা ছিল। ডিসিএইচ সূত্র বলছে, এ বিষয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা চলছে। আটককৃতের বিরুদ্ধে কাস্টমস আইনে মামলা দায়ের করে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
