টিভি নাটকে প্রতিবন্ধী শিশুদের নেতিবাচকভাবে উপস্থাপন মহিলা পরিষদের উদ্বেগ

আপডেট : ২৬ জুলাই ২০২১, ২১:৫৮

ইত্তেফাক রিপোর্ট 

টেলিভিশন নাটকে প্রতিবন্ধী শিশুদের  নেতিবাচকভাবে উপস্থাপনের  প্রতিবাদে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। গতকাল সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ঈদ উপলক্ষ্যে সম্প্রচারিত ‘ঘটনা সত্য’ নামক একটি টেলিভিশন নাটকে  প্রতিবন্ধী শিশুদের বাবা-মায়ের পাপের কর্মফল হিসেবে উপস্থাপন করা হয়েছে। এই রকম নেতিবাচকভাবে উপস্থাপনের  মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ, তাদের পরিবার এবং তাদের পিতা-মাতাকে মানসিকভাবে আঘাত করা হয় এবং  মানুষের প্রতিবন্ধিতা সম্পর্কে  এক ধরনের কুসংস্কার সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়। ঈদের বিনোদন অনুষ্ঠানে এ ধরনের মিথ্যা, পশ্চাত্পদ চিন্তাভাবনার নাটক প্রচারের সময় সংশ্লিষ্ট সবাইকে সচেতন   হওয়া দরকার এবং গণমাধ্যম এ ধরনের কুসংস্কার এবং অবৈজ্ঞানিক চিন্তাভাবনাকে উসকে দেওয়া থেকে বিরত থাকবে—এটাই  সবার প্রত্যাশা।